ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করায় সংসদের গাজীপুর-৪ আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার আবদুল হামিদ।
সংসদের রোববারের অধিবেশনের শুরুতেই সরকারদলীয় এই সংসদ সদস্যের পদত্যাগের বিষয়টি জানান স্পিকার।
তিনি বলেন, “গত ৭ জুলাই অপরাহ্নে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ তার স্বহস্তে লিখিত পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছেন। সে অনুযায়ী ৭ জুলাই অপরাহ্ন থেকে তার আসন শূন্য হয়েছে।”
“তার পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি। কার্যপ্রণালি বিধির ১৭৮ (৩) অনুযায়ী বিষয়টি সংসদকে অবহিত করা হলো,” বলেন স্পিকার।
শনিবার স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন তানজিম। তার আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে ডাকযোগে পদত্যাগপত্র পাঠালেও তা গ্রহণ করেননি স্পিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৪৪ ঘ.
bdnews24