মাদারীপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মাদারীপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মাসুদ পারভেজকে কুপিয়ে জখম করেছে সংগঠনের অপর পক্ষের কর্মীরা।
মাদারীপুর থানার সেকেন্ড অফিসার মাসুদউদ্দিন খান সাংবাদিকদের জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে।
মাসুদউদ্দিন জানান, শনিবার সকালে মাদারীপুরের কালকিনিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত নেতা-কর্মীদের দেখতে রাতে সদর হাসপাতালে যান মাসুদ পারভেজ। এ সময় প্রতিপক্ষ গ্রুপের নেতা মনিরুজ্জামান ফুকু ও মিজান শিকদার দলবল নিয়ে হাসপাতালে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে এলোপাতারি কোপায়।
গুরুতর আহত পারভেজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে মাসুদউদ্দিন জানান।
তিনি বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই’ এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানসহ জেলার শীর্ষ নেতারা মাসুদ পারভেজকে দেখতে রাতেই হাসপাতালে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯২৫ ঘ.
bdnews24