২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগপত্র প্রত্যাখ্যান লোকমান পরিবারের

মন্ত্রীর ভাইকে আসামি করে মামলা হলেও পুলিশের দেওয়া অভিযোগপত্রে তার নাম বাদ পড়ায় এ নিয়ে আদালতে প্রশ্ন তুলতে যাচ্ছে নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নরসিংদী, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীর ভাইকে আসামি করে মামলা হলেও পুলিশের দেওয়া অভিযোগপত্রে তার নাম বাদ পড়ায় এ নিয়ে আদালতে প্রশ্ন তুলতে যাচ্ছে নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের পরিবার। বুধবার এক সংবাদ সম্মেলনে নিহত এই আওয়ামী লীগ নেতার ভাই কামরুজ্জামান কামরুল বলেছেন, অভিযোগপত্রটি ত্রুটিপূর্ণ এবং এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দেবেন তারা। জেলা শহরের বাসাইলে লোকমানের বাড়িতে সংবাদ সম্মেলনে লোকমানের মা মাজেদা বেগম, স্ত্রী তামান্না নূসরাত বুবলী, ছোট ভাই নরসিংদী সরকারি কলেজের ভিপি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজও ছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশের দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করে মন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুসহ এজাহারভুক্ত আসামিদের নাম এতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান গত বছরের ১ নভেম্বর দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন। প্রায় ছয় মাস পর গত ২৪ জুন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশীদ মণ্ডল ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। কামরুজ্জামান টেলিযোগাযোগমন্ত্রীর ভাই বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে মামলা করলেও অভিযোগপত্রে বাদ পড়েন বাচ্চু, মন্ত্রীর এপিএস মুরাদ, আওয়ামী লীগ নেতা মোন্তাজ উদ্দিন ভূইয়াসহ নয় জন। এর বদলে অন্য নয়জনকে আসামি করেছে পুলিশ। মামলার বাদি কামরুজ্জামান বলেন, আসামি আশরাফুল সরকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের আগে বাচ্চুর কার্যালয়ে বৈঠকে এই নয়জনের থাকার কথা বলেছিলেন। “কিন্তু উল্লেখিত পরিকল্পনাকারীদেরকে বাদ দিয়ে এজাহারভুক্ত তিন ও এজাহারবহির্ভূত নয় আসামির বিরুদ্ধে অতি গোপনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।” তিনি বলেন, “আমি মামলার বাদি, অথচ আমাকে অভিযোগপত্র সংক্রান্ত কোনো কিছু জানানো হয়নি।” “এখন আমাকে না জানিয়ে তড়িঘড়ি করে শরিফ নামে এজাহারবহির্ভূত এক আসামিকে দিয়ে জজ মিয়া নাটক সাজানো হয়েছে। এই সাজানো নাটক হলো মন্ত্রীর ভাই বাচ্চুসহ এজাহারভুক্ত আসামিদের বাদ দিয়ে গোপনে আদালতে অভিযোগপত্র দাখিল,” বলেন কামরুজ্জামান। এদিকে মেয়র লোকমান সংগ্রাম পরিষদের সদস্য সাবেক পৌর কাউন্সিলর পীরজাদা মোহাম্মদ আলী জানান, আগামী রোববার বিকালে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে বানোয়াট ও প্রহসনমূলক অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৮৫০ ঘ.