২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার মাশুল আ. লীগকে দিতে হবে নির্বাচনে: বি চৌধুরী

সরকার দুর্নীতির পক্ষাবলম্বন করার কারণেই পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করেছে দাবি করে বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এর মাশুল আওয়ামী লীগকে নির্বাচনে দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দুর্নীতির পক্ষাবলম্বন করার কারণেই পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করেছে দাবি করে বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এর মাশুল আওয়ামী লীগকে নির্বাচনে দিতে হবে। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে সরকার নিজেদেরকে দুর্নীতির সহযোগী এবং অংশীদার হিসেবে প্রমাণ করেছে। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হলে আওয়ামী লীগকে এর মাশুল দিতে হবে।” দুর্নীতির অভিযোগের ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ পাওয়ার কথা বলে বিশ্ব ব্যাংক শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বহু প্রতীক্ষিত পদ্মা প্রকল্পের ভবিষ্যত নিয়ে হতাশা প্রকাশ করে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, “আমরা মনে করি, সরকারের অযৌক্তিক ও দুর্নীতির পক্ষে সিদ্ধান্ত গ্রহণের ফলে পদ্মা সেতুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল।” বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুললেও সরকারের পক্ষ থেকে বরাবরই তা নাকচ করা হচ্ছে। এই বিষয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করে বিকল্পধারা সভাপতি বলেন, “অর্থমন্ত্রী তার যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। পদ্মা সেতুর দুর্নীতির কারণে বাংলাদেশ ভবিষ্যতে বড় কোনো ঋণ সহায়তা পাবে না বলে প্রতীয়মান হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৩৫ ঘ.