২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্মান্ধ দলের সংশ্রব ছাড়লে বিএনপির সঙ্গে আলোচনা’

আগামী নির্বাচন নিয়ে আলোচনায় আসতে চাইলে ধর্মান্ধ ও উগ্রবাদী রাজনৈতিক দলগুলোর সংশ্রব ছাড়তে হবে- এ কথা বলেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচন নিয়ে আলোচনায় আসতে চাইলে ধর্মান্ধ ও উগ্রবাদী রাজনৈতিক দলগুলোর সংশ্রব ছাড়তে হবে- এ কথা বলেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। “উগ্রবাদী ও ধর্মান্ধদের পরিহার করলে বিএনপির সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনা হতে পারে,” বৃহস্পতিবার এক আলোচনা সভায় বলেছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করতে নিজেদের অনাপত্তির কথা জানালেও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। সুরঞ্জিত বলেন, “বিএনপিতে দেশপ্রেমিক এবং গণতন্ত্রকামী অনেকেই রয়েছেন। আমরা আশা করব, গণতন্ত্রের স্বার্থে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা আলোচনায় আসবেন। তবে কোনো অসাংবিধানিক শর্তে আলোচনা সম্ভব নয়।” জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধান ও গণতন্ত্র সমুন্নত রাখা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি গণতন্ত্র কার্যকর রাখতে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। সংবিধান সংশোধনে মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের প্রস্তাবেরও সমালোচনা করেন সুরঞ্জিত। মেননের যুক্তি, বর্তমান বিধান অনুযায়ী নির্বাচনের সময় সংসদ কার্যকর থাকলে তা জটিলতা তৈরি করবে। সুরঞ্জিত বলেন, “নির্বাচনের ৯০ দিনে সংসদের কোনো কার্যক্রম থাকবে না। সুতরাং সংসদ সদস্যদের কোনো অগ্রাধিকারও থাকছে না। নির্বাহী ক্ষমতা থাকবে মন্ত্রীদের কাছে।” “পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়। নির্বাচনের ফলাফল নিয়েও কোন প্রশ্ন আসে না,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২০৪১ ঘ.