২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শরিকদের চাপেই সব দাবি মানবে আ. লীগ’

শরিকদের চাপে পড়ে আওয়ামী লীগ নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরিকদের চাপে পড়ে আওয়ামী লীগ নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বুধবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, “মঙ্গলবার সংসদে জোটের দুই শরিক বলেছেন আগামী নির্বাচন দলীয় নয়, অন্তবর্তীকালীন সরকারের অধীনে হতে হবে। আমরা মনে করি ধীরে ধীরে এমন পর্যায় আসবে, প্রধানমন্ত্রী নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য হবেন।” কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করে মহানগর জিয়া মঞ্চ। সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থাপিত বাজেটকে ঋণ নির্ভর বাজেট অভিহিত করে মওদুদ আহমদ বলেন, “কাল (বৃহস্পতিবার) একদলীয় সংসদে একদলীয় বাজেট পাস হবে। এই বাজেট জনগনের আশা-আকাঙ্খা পুরণ করতে পারবে না। গত বছরের মতো এবারও বাজেট তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না।” সরকারের দমননীতির সমালোচনা করে তিনি বলেন, “সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করতে পারে না। অথচ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ জাতীয় পর্যায়ের ৩৪ জন নেতাকে গ্রেপ্তার করতে পারে।” মন্ত্রিসভার সদস্যদের অযোগ্যতা ও অনভিজ্ঞতার কারণে সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন এই সাবেক আইনমন্ত্রী। মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগা¥ মহাসচিব বরকত উল্লাহ বুলু, মহানগর সদস্য সচিব ও জিয়া মঞ্চের আহবায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মহসীন আহমদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২২২৩ ঘ.