ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরব থেকে সোমবার ভোরে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৫ জুন সৌদি আরব গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেখানে ওমরাও পালন করেন তিনি।
গালফ এয়ারের কটি উড়োজাহাজ ভোর ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন খালেদা জিয়া।
বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এ জেড এম জাহিদ হোসেন, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, জয়নুল আবদিন ফারুক, শিরিন সুলতানা প্রমুখ।
রোববার বিকালে রিয়াদ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার পথে রওনা হন বিরোধীদলীয় নেতা। বাহরাইনে যাত্রাবিরতি করেন তিনি।
খালেদা জিয়ার প্রেসসচিব মারুখ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিয়াদে বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা হয়।
সৌদি বাদশার অতিথি হিসেবে জেদ্দায় রাজকীয় একটি প্রাসাদে অবস্থান করেছিলেন খালেদা জিয়া। সফরে রোববার সৌদি যুবরাজ সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এছাড়া জেদ্দায় ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) সদর দপ্তরে সংস্থার মহাসচিব একমেলুুদ্দীন এহসান গুলুর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক হয়।
জেদ্দা অবস্থানকালে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের উপদেষ্টা ও পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার আবদুল্লাহ ওমর নাসিফ ও ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবির চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আলী দেখা করেন খালেদার সঙ্গে।
খালেদা জিয়ার সফরসঙ্গী ছিলেন তার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, দলের তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমেদ, ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৪৪ ঘ.
bdnews24