ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে বুধবার।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ বিষয়ে সূচনা বক্তব্য ও সাক্ষ্য শুরু হওয়ার কথা রয়েছে।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও লুটপাটের ছয় ধরনের অপরাধে কাদের মোল্লার বিরুদ্ধে গত ২৮ মে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
এই জামায়াত নেতার বিরুদ্ধে গত বছরের ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। এরপর ওই বছরের ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
গত ৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তরের পর গত ১৬ মে অভিযোগ গঠনের বিষয়ে পক্ষে-বিপক্ষে শুনানি শেষ হয়।
মুক্তিযুদ্ধের সময় মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলায়ই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯৫৫ ঘ.
bdnews24