সিলেট, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতা শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার সিলেটে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
ছাত্রদলের এক নেতার স্ত্রীর মামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামানকে সোমবার কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত।
তার প্রতিবাদে সোমবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে এক সমাবেশে হরতালের ডাক দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যাডভোকেট শামসুজ্জামানের মুক্তি দাবিতে সিলেটে মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামানকে মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শামীম।
সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার হোসেন দিনার গত ৩ এপ্রিল ঢাকা থেকে ‘নিখোঁজ’ হন।
এই অন্তর্ধাণে জামান জড়িত বলে মামলায় অভিযোগ করেন দিনারের স্ত্রী প্রিসিল পারভিন পিংকী। তিনি গত ১১ মে ঢাকার উত্তরা থানায় শামসুজ্জামানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর ১৪ নেতার বিরুদ্ধে মামলা করেন।
এই মামলায় গত ২২ মে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য জামিন নেন শামসুজ্জামান।
সোমবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তা নাকচ করে শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমডি/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24