ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
জাতীয় নির্বাচনের দেড় বছর আগে সোমবার সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের এক সভায় তিনি এই পরামর্শ দেন বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় আশরাফ বলেন, “আচরণের পরিবর্তন করতে হবে। দুর্ব্যবহার করে পিস্তল উঁচিয়ে ভোট পাওয়া যায় না। আঙুল উঁচিতে কথা বলবেন না। কর্মীদের পিস্তল দেখাবেন না। পুলিশ দিয়ে জেলে পাঠাবেন না।”
“মনে রাখতে হবে কর্মীদের কারণে আজ আমরা এখানে আসতে পেরেছি,” সংসদ সদস্যদের স্মরণ করিয়ে দেন তিনি।
আওয়ামী লীগের বেশ কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে এলাকায় দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। এর মধ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কিছুদিন আগে নির্বাচনী এলাকায় পিস্তল থেকে জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন।
আশরাফ বলেন, শুধু উন্নয়ন করলেই ভোট পাওয়া যায় না। জনগণের কাছে যেতে হয়। তাদের সঙ্গে ভালো করে কথা বলতে হয়।
সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার সঙ্গে যোগাযোগ বাড়াতে শেখ হাসিনা পরামর্শ দেন বলে নাম প্রকাশ না করার শর্তে ওই সংসদ সদস্যরা জানিয়েছেন।
তারা বলেন, নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা মিটিয়ে ফেলে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে বলেছেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৫৯ ঘ.
bdnews24