২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশস্থলে সক্রিয় জামায়াত-শিবিরকর্মীরা

নয়া পল্টনে ১৮ দলের গণসমাবেশস্থলে জড়ো হয়ে যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তি দাবি করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে ১৮ দলের গণসমাবেশস্থলে জড়ো হয়ে যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তি দাবি করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কর্মীরা। বিকাল ৩টায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এই সমাবেশ থেকেই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার। সকাল সাড়ে ৯টার মধ্যে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের বেশ কয়েকটি মিছিল কাকরাইলের নাটিংগেল মোড়ের কাছ দিয়ে সমাবেশস্থলের পশ্চিম দিকে অবস্থান নেয়। প্রখর রোদ থেকে বাঁচতে প্ল্যাকার্ড মাথায় দিয়ে রাস্তায় বসেন তারা। ওইসব প্ল্যাকার্ডে যুদ্ধাপরাধের মামলার আসামি জামায়াতের সাবেক আমীর গোলাম আজম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার মুক্তি দাবি করা হয়। তাদের মুক্তির দাবিতে শ্লোগান দিতেও শোনা যায় জামায়াত কর্মীদের । সমাবেশের সাফল কামনা করে গণসমাবেশ প্রাঙ্গণে সংগঠনের লোগো সম্বলিত বড় একটি বেলুন উড়িয়েছে ইসলামী ছাত্র শিবির। সমাবেশস্থলে শিবির কর্মীদের পাশেই অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুব দল। হলুদ টুপি ও টি শার্ট গায়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা অবস্থান নিয়েছে এর কিছুটা দূরে। সমাবেশ মঞ্চের পূর্ব পাশে মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের জায়গা নির্ধারিত আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১২১৬ ঘ.