ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকামুখী বাস না পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ দেখিয়েছে বিক্ষুদ্ধ জনতা।
সোমবার বিরোধী দলের গণসমাবেশের দিন সকালে হঠাৎ করেই রাজধানীতে গণপরিবহনের তীব্র সংকট দেখা দেয়। ফলে বাসা থেকে বেরিয়েই চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। রাস্তায় প্রাইভেট কার, অটোরিকশা ও কিছু রিকশা চললেও বাসের সংখ্যা ছিল একেবারেই কম।
এই পরিস্থিতিতে বিভিন্ন মোড়ে বিপুল সংখ্যক মানুষকে বাসের আশায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে দেখা যায়। সময়ের অভাবে অনেকেই হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ সময় পরও বাস না পেয়ে বেলা পৌনে ১১টার দিকে বিমানবন্দর এলাকায় বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ জনতা।
বিমানবন্দর থানার ওসি শামসুদ্দীন সালেহ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্ষুব্ধ জনতা দাবি তোলে, বাস না পেলে তারা রাস্তায় প্রাইভেট কারও চলতে দেবে না। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।”
পরে পুলিশ ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১২টার দিকে যান চালাচল আবার স্বাভাবিক হয় বলে ওসি জানান।
সালেহ আহমেদ বলেন, প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকলেও গাড়ি ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৩০৫ ঘ.
bdnews24