২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্ন আদালত চলছে সরকারের কথায়’

উচ্চ আদালতে জামিন পাওয়ার পর বিচারিক আদালত বিএনপি নেতাদের হাজির করার আদেশ দিয়ে সরকারের ‘নির্দেশ’ পালন করেছে বলে দাবি করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে জামিন পাওয়ার পর বিচারিক আদালত বিএনপি নেতাদের হাজির করার আদেশ দিয়ে সরকারের ‘নির্দেশ’ পালন করেছে বলে দাবি করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জামিনের পরও মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তি আটকে দিতে সরকার এই ‘ষড়যন্ত্র’ করেছে। হরতালের একটি মামলায় গত বৃহস্পতিবার হাই কোর্ট ফখরুলসহ বিএনপি নেতাদের জামিন দেন। তবে ওই মামলায় বিচারিক আদালতে হাজিরার পরোয়ানা জারি হওয়ায় তাদের মুক্তি এখনো হয়নি। এর প্রতিবাদ জানিয়ে রোববার সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া বলেন, হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর গত ৭ জুন বিকালে রাষ্ট্রপক্ষ সেশন জজ আদালতে একটি আবেদন করে। “ওই আবেদনে জেলে থাকা নেতাদের হাজিরে পরোয়ানা জারির আবেদন করা হয়। যেখানে মামলার পরবর্তী দিন ২৬ জুলাই। এই আবেদনে মাননীয় বিচারক ওই দিনই (২৬ জুলাই) তাদের হাজির করার আদেশ দিয়ে দেন।” “মজার বিষয় হল, এ ধরনের আদেশ জেলে পৌঁছাতে সাধারণত ২-৩ দিন সময় লাগে। কিন্তু দেখা গেল, ওই দিনই তারা জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানায়, এ সব লোকদের বিষয়ে আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।” “কিন্তু নিয়ম হচ্ছে, যেদিন অন্য আসামি আসবেন, সেদিন তারাও আসবেন। সরকারের পিপি সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে এটা (পরোয়ানি জারির আবেদন) করেছে। নির্ধারিত তারিখের এত পূর্বে দেওয়া এই জাতীয় আদেশ অচল, অবৈধ এবং এ ধরনের আদেশের কথা আগে কখনো শোনা যায়নি।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল বলেন, “এটা (আবেদন) ইচ্ছাকৃতভাবে বিএনপি নেতাদের হয়রানি করতে করা হয়েছে। এটা করা হয়েছে এই জন্যই যে, আগামীকাল বিএনপি ও ১৮ দলীয় জোট ঘোষিত মহাসমাবেশ যাতে সফল না করতে পারে। মহাসমাবেশে বাধা সৃষ্টি করতেই পিপি এ কাজটি করেছেন।” “আমরা সব সময় আদালতের স্বাধীনতার কথা বলেছি। এই সরকারও বলছে, আদালত স্বাধীন। কিন্তু এই আদেশের মাধ্যমে প্রমাণিত হয়, নি¤œ আদালত স্বাধীন নয় এবং নি¤œ আদালত সরকারের কথায় চলছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০১০ ঘ.