ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেট ঋণনির্ভর হতে যাচ্ছে এবং এর ফল হিসেবে দেশের অর্থনীতিতে অস্থিরতা চলবে বলে মনে করছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
২০১২-১৩ সালের জন্য অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের দুদিন আগে মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সুধী সমাবেশে বাজেট নিয়ে সংসদ বর্জন করে আসা বিএনপির ভাবনা তুলে ধরেন তিনি। এই ক্ষেত্রে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন তথ্য ব্যবহার করেছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন মনে করছেন, বর্তমান ক্ষমতাসীন মহাজোটের শেষ বাজেটটি হবে নির্বাচনমুখী।
তিনি বলেন, “প্রস্তাবিত বাজেটে ৫০ হাজার কোটি টাকা ঘাটতি ধরা হবে বলে সংবাদপত্র সূত্রে জানা যায়। বাজেটের আকার হবে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। বিশাল অঙ্কের এই ঘাটতি বাজেট অর্থায়নের জন্য অভ্যন্তরীণভাবে ২৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে হবে ব্যাংক খাত থেকে।
“বাজেটে অর্থযোগান দেওয়া হবে অপরিণামদর্শী ব্যাংক ঋণের মাধ্যমে। ফলে অর্থনৈতিক ভারসাম্যহীনতা, নৈরাজ্য ও অস্থিরতা অবশ্যম্ভাবী।”
খালেদা বলেন, “আসছে বাজেট দলীয় বিবেচনায় প্রণীত হচ্ছে বলে আমাদের ধারণা। নির্বাচনকে সামনে রেখে বরাদ্দের (বিভিন্ন খাতে) পরিমাণ নির্ধারণ করা হচ্ছে।’’
‘জাতীয় বাজেট : আমাদের ভাবনা’ শীর্ষক বিরোধীদলীয় নেতার এই অনুষ্ঠানে বিএনপি সমর্থক হিসেবে পরিচিত অধ্যাপক, ব্যবসায়ী নেতাদের দেখা গেছে। বেশ কয়েকজন কূটনীতিকও ছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতারাও।
বিরোধী দলীয় নেতা বলেন, “সংবাদপত্রের সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য সরকার একটি বিশাল ঘাটতি বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। এরকম বাজেট উপস্থাপিত হচ্ছে এমন এক সময়ে, যখন বৈদেশিক ঋণ ও সাহায্য প্রবাহ ক্ষীণ হয়ে আসছে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায়।”
“প্রস্তাবিত বাজেটে ৫৫ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অন্তর্ভুক্ত হবে বলে জানা যায়। এর অর্থ, এডিপিতে ৯১ শতাংশ ঋণ নিয়ে অর্থায়ন করতে হবে,” বলেন তিনি।
আগামী বাজেট ১ লাখ ৯০ হাজার কোটি টাকার বলে সংবাদপত্রে প্রকাশিত তথ্য তুলে ধরে খালেদা বলেন, “একে আমাদের প্রয়োজনের তুলনায় উচ্চাভিলাষী বলা যাবে না। তবে বাস্তবায়ন যোগ্যতা এবং প্রয়োজনীয় অর্থ যোগানের সক্ষমতার নিরিখে এই বাজেট অর্থহীন ও উচ্চাভিলাষী বৈকি।”
“অর্থমন্ত্রী ১ লাখ ৪০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করবেন বলে শোনা যাচ্ছে। এটা চলতি বাজেটের চেয়ে ২৫ শতাংশ বেশি। কিন্তু মন্থর প্রবৃদ্ধি, বিনিয়োগ ও উৎপাদনের স্থবিরতা এবং মূল্যস্ফীতির কারণে এই ২৫ শতাংশ রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যমাত্রা বাস্তবতা বিবর্জিত,” বলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী তার বাজেট ভাবনায় দেশের বর্তমান অর্থনীতির চিত্র তুলে ধরার পাশাপাশি সরকারের সমালোচনাও করেন।
বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, “সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে, তাতে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে। অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে।”
ভর্তুকি প্রসঙ্গে তিনি বলেন, সব মিলিয়ে বর্তমান অর্থবছরে সরকারের ভর্তুকির পরিমাণ দাঁড়াবে ৪০ হাজার কোটি টাকার বেশি।
“বলগাহীন ভর্তুকি সরকারের অপরিণামদর্শিতা ও দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। ভর্তুকির জন্য ব্যয়িত কত অংশ উৎপাদনের কাজে লেগেছে, আর কত অংশ সরকারের পেটোয়া গোষ্ঠির উদরপূূর্তি করেছে, সেটাই আজ জনগণের জিজ্ঞাসা,” বলেন বিএনপি চেয়ারপারসন।
এক ঘণ্টা ১০ মিনিটের বক্তব্যে তিনি বলেন, “২০১২-১৩ অর্থ বছরে জন্য যে নতুন বাজেট পেশ করা হবে, তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থায়ন। রাজস্ব আদায় বাড়ানো ছাড়া অর্থমন্ত্রীর আর কোনো বিকল্প আছে বলে মনে হয় না।”
বাজেট ভাবনা উপস্থাপনের সময় মঞ্চে বসা খালেদার পাশে ছিলেন মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে ছিলেন অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক মোসলেহ উদ্দিন তাহের, সাংবাদিক শফিক রেহমান ও মোয়াজ্জেম হোসেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।
যুক্তরাজ্য, ফ্রান্স, ইরাক, চীন, ইরান, নেদারল্যান্ডস, জাপান, সৌদি আরবসহ কয়েকটি দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে ছিলেন।
অনুষ্ঠানে রাজনীতিকদের মধ্যে ছিলেন বিএনপির আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল মান্নান, এম এ মান্নান, রিয়াজ রহমান, এলডিপির অলি আহমদ, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মোহাম্মদ ইসহাক, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পারওয়ার, বিজেপির আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির খোন্দকার গোলাম মূর্তজা, জাগপার লুৎফুর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ইসলামিক পার্টির আবদুল মবিন, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খান, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, ডিএলের সাইফুদ্দিন মনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এআরএইচ/এমআই/১৯৪০ ঘ.
bdnews24