ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলায় যেসব পুলিশ কর্মকর্তা বাদি হয়েছেন, ক্ষমতায় গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতা এম কে আনোয়ার।
তিনি বলেছেন, “যেসব কর্মকর্তা সরকারের পক্ষে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার একথা বলেন।
পুলিশ বাদি হয়ে দ্রুতবিচার আইনে করা একটি মামলায় এম কে আনোয়ারও আসামি। তিনি গত সপ্তাহে জামিনে কারামুক্ত হয়েছেন।
বিএনপি নেতা বলেন, সরকার একদিকে নিজেদের সাড়ে ৭ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে বিরোধী দলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে।
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, “ব্যর্থ সরকার বিরোধী দলকে দাবিয়ে রাখতে মিথ্যা মামলা ও নির্যাতনের পথ বেছে দিয়েছে। এভাবে মামলা দিয়ে চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না।”
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় বিএনপির দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫৫ ঘ.
bdnews24