২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন এ্যানিও

ধানমণ্ডি থানার একটি মামলার হাজিরা পরোয়ানা প্রত্যাহারের আদেশ নিয়ে ছাড়া পেয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডি থানার একটি মামলার হাজিরা পরোয়ানা প্রত্যাহারের আদেশ নিয়ে ছাড়া পেয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ (কাশিমপুর কারাগার) থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান কারারক্ষক সুভাষ চন্দ্র সাহা। উচ্চ আদালত থেকে জামিন পাওয়া বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যের মধ্যে চার জন সোমবার ছাড়া পেলেও হাজিরা পরোয়ানা থাকায় এ্যানিকে মুক্তি দেওয়া যায়নি। কারারক্ষক সুভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধানমণ্ডি থানার একটি মামলায় হাজিরা পরোয়ানা থাকায় সোমবার তাকে মুক্তি দেওয়া যায়নি। সিএমএম আদালত ওই পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।” এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। একই সময়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন এলডিপি সভাপতি অলি আহমদ ও বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। হরতালে তেজগাঁও থানায় করা গাড়ি পোড়ানোর মামলায় গত রোববার এই পাঁচ সংসদ সদস্যকে ছয় সপ্তাহের জামিন দেয় হাই কোর্ট। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ। এরপর ১০ মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যা ২১ মে গ্রহণ করেন বিচারক। ফখরুলসহ ৩৩ নেতা আগাম জামিনের আবেদন করলে হাই কোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সে অনুযায়ী ১৬ মে তারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায়। পরে একই প্রক্রিয়ায় কারাগারে যান মাহবুবউদ্দিন খোকনও। এছাড়া পুলিশ গ্রেপ্তার করে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী ও কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনকে। এই মামলায় ফখরুল ছাড়াও কারাগারে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬০৬ ঘ.