ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে সরকারকে বেঁধে দেওয়া সময়ের আগ পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
রোববার নয়া পল্টনে বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ১৪ দিনের এই কর্মসূচি ঘোষণা করেন।
সোমবার শুরু হয়ে ১০ জুন পর্যন্ত গণসংযোগ চলবে। ১১ জুন ঢাকার সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি দেবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
তত্ত্বাবধায়ক পুনর্বহালের পাশাপাশি নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান, শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই গণসংযোগ হবে বলে বিএনপি নেতারা জানান।
মওদুদ বলেন, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে মনে হচ্ছে, তিনি তা মানতে রাজি নন। তবে আমি দিব্বি দেখতে পাচ্ছি, অচিরেই প্রধানমন্ত্রী এই দাবি মানতে বাধ্য হবেন।”
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর ১৮ দলীয় জোটের উদ্যোগে কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ওই সমাবেশ হয়।
মওদুদ বলেন, “আজ হাই কোর্ট ৫ জন সংসদ সদস্যকে জামিন দিয়েছেন। আশা করা যায়, আগামীকাল তারা আমাদের মধ্যে ফিরে আসবেন। আগামী সপ্তাহে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বাকি নেতাদেরও মুক্ত দেখতে পাবেন।”
আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, জয়নুল আবদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নুরে আরা সাফা, মুনীর হোসেন, আলী রেজাউর রহমান রিপন, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।
১৮ দলীয় জোটের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মুজিবর রহমান, হামিদুর রহমান আযাদ, মিয়া গোলাম পারওয়ার, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বিজেপির শামীম আল মামুন, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির আলমগীর মজুমদার, জাগপার খোন্দকার লুৎফর রহমান, ইসলামিক পার্টির এম এ রশিদ প্রধান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৪৫ ঘ.
bdnews24