ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তার আইনজীবী।
বৃহস্পতিবার সকালে বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানিতে অ্যাডভোকেট নজরুল ইসলাম এ মামলা থেকে মুজাহিদকে অব্যাহতি দেওয়ার আবেদন উপস্থাপন করেন।
মুজাহিদের বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে নজরুল বলেন, একাত্তরে তার মক্কেলের বয়স ছিল ২৩ বছর। রাজাকার বা আলবদর বাহিনীর কারও সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল না।
আদালত এ বিষয়ে তাকে যুক্তি দেখাতে বললে নজরুল ইসলাম সময়ের আবেদন করেন। এরপর অভিযোগ গঠনের শুনানি ২৯ মে পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনালের বিচারক।
এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল গত ১৬ থেকে ২১ মে মুজাহিদের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আদালতে পড়ে শোনান।
মুজাহিদের জন্ম, জন্মস্থান, শিক্ষা ও পারিবারিক জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড, ছাত্র সংঘ ও আল বদরের সঙ্গে সংশ্লিষ্টতা, একাত্তরে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য দেশের বিভিন্ন স্থানে তার দেওয়া ভাষণ ইত্যাদি ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেন প্রসিকিউটর।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি মামলায় ২০১০ সালের জুন মাসে আরো কয়েকজন জামায়াত নেতার সঙ্গে মুজাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ২ আগস্ট তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ট্রাইব্যুনাল গত ২৬ জানুয়ারি মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার পর ১১ মার্চ অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এরপর প্রসিকিউশনের অবেদনে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে দ্বিতীয় ট্রাইব্যুনালে আসে।
মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে সাধারণ মানুষকে হত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার ৩৪টি অভিযোগ আনা হয়েছে এই জামায়াত নেতার বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/জেকে/১৩২৫ ঘ.
bdnews24