ঝালকাঠী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর সভামঞ্চের নিচ থেকে ‘বোমাসদৃশ’ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য সভাস্থলে পৌঁছানোর আগেই পুলিশ সেগুরো উদ্ধার করে।
জেলার পুলিশ সুপার (এসপি) আব্দুল মজিদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকেল ৪টায় জনসভা ছিল। সাড়ে ৩টার দিকে পুলিশ তল্লাশি করতে গিয়ে টেপ মোড়ানো বস্তু দুটি উদ্ধার করে।”
তিনি জানান, এর মধ্যে একটি লাল এবং অন্যটি কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।
“র্যাবের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। এগুলো বোমা কি না- তা পরীক্ষা করে দেখা হবে”, বলেন মজিদ।
ঝালকাঠী-২ আসনের সাংসদ আমির হোসেন আমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এগুলো বোমা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
বিকাল ৬টায় আমু সভাস্থলে পৌঁছান এবং ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২০২৫ ঘ.
bdnews24