২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সিদ্ধান্তের অপেক্ষায় নেতারা

বিভিন্ন জেলায় স্থানীয় নেতারা হরতাল ডাকতে শুরু করলেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ বেষ্টনিতে থাকা কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে বিভিন্ন জেলায় স্থানীয় নেতারা হরতাল ডাকতে শুরু করলেও কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেই কর্মসূচি ঠিক করবেন তারা। হরতালের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে বুধবার কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত। এর প্রতিবাদে বগুড়া, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে দুপুরেই হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। এদিকে কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর আদালতের আদেশের পর থেকে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ফেলে পুলিশ। কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে। কার্যালয়ের ভেতরে কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা অবস্থান করলেও কোনো কর্মীকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। ঢোকার চেষ্টা করায় চার জনকে আটকও করে পুলিশ। কার্যালয়ের বিপরীত দিকে সড়কের পাশে র‌্যাবও অবস্থান করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডামের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।” নজরুল ছাড়াও দলীয় কার্যালয়ে রয়েছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সংসদ সদস্য খায়রুল কবীর খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। তারা ভারপ্রাপ্ত মহাসচিবের কক্ষে বসে আলোচনা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৩ ঘ.