২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সংঘর্ষে শতাধিক আহত

পুলিশের সঙ্গে জামায়াত ও বিএনপি কর্মীদের সংঘর্ষে বন্দরনগরীর এনায়েতবাজার থেকে কাজীর দেউরি পর্যন্ত এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও বিএনপি কর্মীদের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত হয়েছেন শতাধিক । রোববার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা এই সংঘর্ষের সময় নগরীর কাজীর দেউরী থেকে এনায়েত বাজার পর্যন্ত এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর রেয়াজুদ্দিন বাজার আমতলী পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্তভাবে নগরীর ওয়াসা মোড়, লালখান বাজার, ইস্পাহানী মোড় ও ব্যাটারি গলির সামনেও সংঘর্ষ হয়। বিএনপি ও জামায়াত কর্মীরা নাসিমন ভবন, লালখান বাজার ও ওয়াসার মোড়ে তিনটি প্রাইভেটকার ও দুটি রিকশা ভ্যানে আগুন লাগিয়ে দেয়। ভাংচুর করে বাস ও সিএনজি অটোরিকশা এবং পুলিশের দুটি গাড়িসহ ২০টির মতো যানবাহন। ভাংচুর, আগুন ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ এই সংঘর্ষের জন্য বিএনপি-জামায়াত কর্মীদের দায়ী করলেও বিএনপি নেতারা দাবি করেছেন, পুলিশের উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। পুলিশের হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি। এম ইলিয়াস আলীর সন্ধান দাবি এবং শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত গণমিছিলের কর্মসূচি ছিল রোববার। বিকালের ওই কর্মসূচিতে অংশ নিতে বিএনপিসহ অন্য দলগুলোর নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছিল নগরীর লাভ লেইন সংলগ্ন চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে। মিছিলের আগে একটি ট্রাকের ওপর নেতারা দাঁড়িয়ে সমাবেশও শুরু করেছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টার দিকে জামায়াতে ইসলামীর একটি মিছিল নাসিমন ভবনের দিকে আসার সময় কাজীর দেউরি মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। তখন নাসিমন ভবন ও এর আশেপাশের এলাকায় থাকা বিএনপিকর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। জামায়াত ও বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে, আর পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ছুড়লেও পরে রবার বুলেটও ছোড়ে। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় কাজীর দেউরী থেকে এনায়েত বাজার মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় ওই এলাকায় সব দোকানপাটও। এতে ওই এলাকা দিয়ে যাতায়াতকারী চাকরিজীবী এবং শিক্ষার্থীরা ব্যাপক দুর্ভোগে পড়ে। মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানসহ জোট নেতারা দলীয় কার্যালয়ের সামনে ট্রাকে থাকলেও সংঘর্ষ শুরুর পর কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন তারা। পরিস্থিতি কিছুটা শান্ত হলে বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতারা নাসিমন ভবন ছাড়েন। তবে এই সংঘর্ষের গণমিছিল আর বের হয়নি। সংঘর্ষে সাংবাদিকসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন। অনেকেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রোজী কবীর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) আবদুল¬াহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনিসহ অর্ধশত পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে কোতোয়ালি থানার ওসি রফিকুল ইসলাম, পরিদর্শক তদন্ত সদীপ কুমার দাশও রয়েছেন। পুলিশ কর্মকর্তা মাহমুদ জানান, কাজীর দেউরী মোড়ে জামায়াতের মিছিল থেকে সর্বপ্রথম পুলিশের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকশ রাউন্ড কাঁদানে গ্যাস সেল ও রবার বুলেট ছোড়া হয়। সংঘর্ষের সময় ছবি তুলতে গেলে জামায়াতের কর্মীদের ছোড়া ইটের আঘাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক সুমন বাবু, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক উজ্জ্বল ধর, যায়যায়দিনের আলোকচিত্র সাংবাদিক মশিউর রেহমান বাদলসহ কয়েকজন সাংবাদিক আহত হন। সংঘর্ষের জন্য পুলিশ জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের দায়ী করলেও আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। “বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের এ হামলা নজিরবিহীন। শান্তিপূর্ণ সমাবেশে তারা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তারা দলীয় কার্যালয়ে পর্যন্ত হামলা করেছে,” বলেন তিনি। পুলিশি হামলায় ১৮ দলীয় জোটের প্রায় একশ নেতা-কর্মী আহত হন বলে দাবি করেছেন আমীর খসরু। এদিকে কোতোয়ালি থানা থেকে জানানো হয়েছে, সংঘর্ষের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখানো হবে। বিএনপির সংবাদ সম্মেলন সংঘর্ষের পর সন্ধ্যায় মেহেদীবাগে নিজ বাসায় সংবাদ সম্মেলনে নগর বিএনপি সভাপতি আমীর খসরু বলেন, সোমবার তারা নগরীতে বিক্ষোভ করবেন। “আজ (রোববার) বিকালে নাসিমন ভবনের সামনে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার মধ্য দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের চূড়ান্ত রূপ দেখেছি। আজকের সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে বুঝতে পেরেই পুলিশ এ হামলা চালায়,” বলেন তিনি। আমীর খসরু বলেন, “আমরা কোনোভাবে নিজের জীবন নিয়ে বেরিয়ে আসতে পেরেছি।” দলীয় কার্যালয়ে ঢুকে হামলার জন্য পুলিশের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি। “নাসিমন ভবনে ঢুকে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে দলের সিনিয়র নেতাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করা হবে,” বলেন তিনি। জামায়াতে ইসলামীই সংঘর্ষের সূত্রপাত করেছে বলে পুলিশের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, “জামায়াতে ইসলামী নিষিদ্ধ কোনো দল নয়। তাদেরও মিছিল-সমাবেশ করার অধিকার আছে। জামায়াত মিছিল করতে চাইলে তাদের ওপর হামলা করা অন্যায় ও অযৌক্তিক।” সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান শামীম প্রমুখ। সংবাদ সম্মেলনে ১৮ দলীয় জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন না। তবে সংবাদ সম্মেলনের শেষে নগর জামায়াতে ইসলামীর আমির শামসুল ইসলামসহ দলের কয়েকজন নেতা সেখানে উপস্থিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২২৪ ঘ.