ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসহ সাত দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাবি শাখা এসব দাবি জানায়।
সংগঠনের অন্য দাবিগুলো হল- বিশ্ববিদ্যালয়ে সব বর্ধিত ও নতুন আরোপিত ফি প্রত্যাহার, আবাসিক সমস্যা নিরসনে নতুন হল-ভবন নির্মাণ ও মেধার ভিত্তিতে হলের আসন বণ্টন করা, পরিবহন সমস্যা দূর করতে নতুন বাস ক্রয় ও বাস ট্রিপের সংখ্যা বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করা।
এছাড়াও ডাইনিং ও ক্যান্টিনে ভতুর্কি দিয়ে খাবারের মান উন্নত করা এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা এবং লাইব্রেরিতে ২৪ ঘণ্টা বিদ্যুতের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন।
তিনি বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায় নিয়ে আন্দোলন করছি। আমরা দাবিগুলো বাস্তবায়ন করতে ৭ মে থেকে মাসব্যাপী স্বাক্ষর সংগ্রহ শুরু করেছি।”
স্বাক্ষর সংগ্রহ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্বারকলিপি দেওয়া হবে এবং ১৫ জুলাই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও ও স্বারকলিপি প্রদান করবে ছাত্র ফ্রন্ট।
আন্দোলন-সংগ্রামের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯০ সালের পর আর ডাকসু নির্বাচন হয়নি। সর্বশেষ ডাকসুর সহসভাপতি ছিলেন আমানউল্লাহ আমান, সাধারণ সম্পাদক ছিলেন খায়রুল কবির খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩২ ঘ.
bdnews24