ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকারের পায়ের নিচে মাটি নেই। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাদের উদ্দেশ্য, নেতাদের দ্রুত সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখা।”
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিনপির টানা হরতাল চলাকালে গত ২৯ এপ্রিল গাড়ি পোড়ানো ও বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা করে তেজগাঁও ও শাহবাগ থানা পুলিশ। এতে মির্জা ফখরুলসহ বিএনপি এবং ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতাদের আসামি করা হয়।
এর মধ্যে তেজগাঁও থানার মামলায় বৃহস্পতিবার ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে আসামিদের গ্রেপ্তারের আবেদন করেছে পুলিশ।
এসব ‘মিথ্যা’ মামলাপ্রত্যাহার এবং ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় ফখরুল সরকারের উদ্দেশ্যে বলেন, “এখনো সময় আছে, দমননীতির পথ থেকে সরে দাঁড়ান। জনগণের চোখের ভাষা, দেওয়ালের লিখন বুঝতে চেষ্টা করুন।”
তা না হলে পরিণতি ‘ভয়াবহ’ হবে বলে হুঁশিয়ারি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
‘অশনি সংকেত’
বর্তমান সরকারের তিন বছরে ১২৭ জন ‘গুম’ হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “ইলিয়াস আলীকে তার গাড়ি চালকসহ সরকারের লোকজনই গুম করেছে। ২৩ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। গার্মেন্ট নেতা আমিনুল ইসলামকেও অপহরণ করে তাকে হত্যা করা হয়েছে।”
এই পরিস্থিতি দেশের গণতন্ত্রের জন্য ‘অশনি সংকেত’ বলেও তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুলের দাবি, ১৯৭২-৭৫ সালেও তৎকালীন আওয়ামী লীগ সরকার রক্ষীবাহিনীর মাধ্যমে ৪০ হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল।
‘উট পাখি সরকার’
নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “এই দাবির পক্ষে এখন বিশ্ব জনমত সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঢাকায় বলেছেন, সব দলের অংশগ্রহণে বাংলাদেশে নির্বাচন হতে হবে। ভারতের অর্থমন্ত্রী প্রণব দাদাও বলে গেছেন, ভারত কোনো দলের পক্ষে নয়, বাংলাদেশের জনগণের পক্ষে আছে, থাকবে।”
মির্জা ফখরুলের মতে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের সমস্যা সমাধানে ‘সম্পূর্ণ ব্যর্থ’।
“জনগণের কোনো সমস্যার সমাধান তারা দিতে পারেনি। তারা চোখে কালো চশমা পড়ে উট পাখির মতো মাথা নিচু করে আছেন। দেশের মানুষ আজ এই সরকারকে চিনে গেছে।”
ইউনুস ও নোবেল প্রসঙ্গ
ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, “অধ্যাপক ইউনূস নোবেল জয় করে বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করেছেন। দারিদ্র বিমোচনে তার অবদান সারা বিশ্বে নতুন অধ্যায়ের সূচনা করেছে। আর সরকারের মন্ত্রীরা আজ তাকে নিয়ে অপমানজনক বক্তব্য রাখছেন। তাকে নিয়ে ব্যাঙ্গ করছেন।”
স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বলেন, “তার (ইউনূস) বেসিক সাবজেক্ট ছিল অর্থনীতি। তিনি অর্থনীতিতে নোবেল পেলেন না। কোনো যুদ্ধ বন্ধ না করেই তিনি শান্তিতে নোবেল পেলেন।”
“নোবেল কীভাবে আসে- তা আমাদের এখানে অনেকেই জানেন”, যোগ করেন আশরাফ।
তার ওই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “আমরা জানি, শান্তিতে নোবেল পাওয়ার জন্য এই সরকার বহু দেন-দরবার করেছেন। বহু অর্থ খরচ করেছেন। এই সরকার মনোভাব এমন যে, যেহেতু তিনি পাননি, অন্য কেউ নোবেল পুরস্কার পাবেন না।”
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর সভাপতি সুলতানা আহমেদ, বিলকিস জাহান শিরিন বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানগর বিএনপির যৌথ সভায় বক্তব্য রাখেন। আগামী ১৪ মে গণমিছিল এবং ১৩ মে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি সফল করতে এই যৌথ সভা হয়।
এছাড়া ১৮ দলীয় জোটের মহানগর সভাও অনুষ্ঠিত হয় এই কার্যালয়ে। বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ ১৮ দলীয় জোটের মহানগর নেতারা এতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০২৫ ঘ.
bdnews24