২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের নম্বর থেকে ‘ফোন’, নাকচ র‌্যাবের

সিলেটের বিশ্বনাথের এক যুবদল নেতা ইলিয়াস আলীর মোবাইল নম্বর থেকে ফোন পাওয়ার দাবি করলেও র‌্যাব বলেছে, ফোনটি ১৭ এপ্রিল মধ্যরাত থেকে এখন পর্যন্ত বন্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 07:30 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

লিটন হায়দার ও মনজুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিলেট/ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ এম ইলিয়াস আলীর মোবাইল নম্বর থেকে ফোন পাওয়ার দাবি করেছেন তার এলাকার এক যুবদল নেতা। এরপর ওই এলাকার এক ছাত্রদল নেতাও দাবি করেন, তিনি বৃহস্পতিবার ইলিয়াসের নম্বরে ফোন করে তা খোলা পেয়েছিলেন। তবে যুবদল ও ছাত্রদলের দুই নেতার বক্তব্য ভিত্তিহীন দাবি করে র‌্যাব বলেছে, বিএনপি নেতার ফোনটি নিখোঁজ হওয়ার পর থেকে বন্ধই রয়েছে এবং তা খোলেনি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের বিশ্বনাথ এলাকার সাবেক সংসদ সদস্য ইলিয়াস ২৩ দিন ধরে নিখোঁজ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে না পাওয়ার কথা র‌্যাব জানালেও এর মধ্যেই এই ফোন পাওয়ার দাবি আসে। বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৮ মিনিটে ইলিয়াসের নম্বর থেকে তার ফোনে কল আসে। তিনি বলেন, ওই সময় অন্য একটি নম্বরে কথা বলায় তিনি ইলিয়াসের কলটি ধরতে পারেননি। পরে ‘মিসডকল’ দেখে কল করে নম্বরটি বন্ধ পান। ইলিয়াস নিখোঁজ হওয়ার সময় থেকে তার নম্বরটি (০১৭৩২২৯৩৭৪৪) বন্ধ রয়েছে। এই নম্বর থেকেই কল এসেছে বলে দাবি করেন লতিফ। ইলিয়াস অনুসারী বলে পরিচিত লতিফের কাছ থেকে খবর পেয়ে অনেকে ওই নম্বরে ফোন করেন। বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ৫টা ২৫ মিনিটে কল করে ইলিয়াসের মোবাইল নম্বরটি খোলা পান। তবে কয়েকবার রিং হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াসের এই মোবাইল নম্বরটিই স্থানীয় নেতা ও সাংবাদিকদের কাছে রয়েছে। এই নম্বরেই তার সঙ্গে যোগাযোগ করতেন তারা। ইলিয়াস নিখোঁজের পর বিএনপির ডাকা হরতালে বিশ্বনাথে ব্যাপক সংঘাত ঘটে। এতে পুলিশের করা মামলায় লতিফ ও শামসুদ্দিনও আসামি। দুজনের একজনও বিশ্বনাথে অবস্থান করছেন না। লতিফ ও শামসুদ্দিনের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে র‌্যাবের পরিচালক (ইন্টেলিজেন্স) জিয়াউল আহসান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো খবরটি ভিত্তিহীন। ঘটনাটি জানার পর আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করি। “কিন্তু তদন্তে দেখা যায়, ইলিয়াস আলীর উল্লেখিত মোবাইল নম্বর থেকে ঘটনার রাত ১২টা ২ মিনিটের পর আর কোনো ফোন আসেওনি, যায়ওনি। অর্থাৎ মোবাইলটি বন্ধ।” র‌্যাব কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, সর্বশেষ গত ১৭ এপ্রিল ঢাকার ইস্কাটন-বাংলা মটর এলাকায় ইলিয়াসের মোবাইল ফোনের অবস্থান সনাক্ত করতে পেরেছেন তারা। লতিফ ও শামসুদ্দিনের বিরুদ্ধে মামলার তথ্য তুলে ধরে র‌্যাব কর্মকর্তা জিয়াউল বলেন, “এরা দুজনই মামলার পলাতক আসামি। ফোন পাওয়ার ঘটনার পেছনে তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে।” ইলিয়াস গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ। বনানীতে তার বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে গভীর রাতে তার গাড়ি পাওয়া যায়। তবে পাওয়া যায়নি ইলিয়াস এবং তার গাড়িচালক আনসার আলীকে। গাড়িতে পাওয়া আনসারের ফোন থেকে গাড়িটি ইলিয়াসের বলে নিশ্চিত হওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। ইলিয়াসের সন্ধানে ঢাকা, গাজীপুরের পূবাইল, চাঁদপুরসহ কয়েকটি স্থানে অভিযান চালালেও পাওয়া যায়নি বিএনপি নেতাকে। বিএনপি শুরু থেকে বলে আসছে, ইলিয়াসকে সরকার ‘গুম’ করেছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি বলেছেন, ‘র‌্যাবের লোকরা’ ইলিয়াসকে ধরে নিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হচ্ছে, বিএনপি নেতাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। স্বামীর সন্ধানে গত ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। প্রধানমন্ত্রীও বিএনপি নেতাকে খুঁজে বের করার আশ্বাস দেন। তাহসিনা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “এক সপ্তাহ হয়ে গেল, প্রধানমন্ত্রীর সেই আশ্বাস নিয়ে আছি। কিন্তু কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। এখন আশাহত হয়ে যাচ্ছি।” তাহসিনা মনে করেন, রাজনৈতিক কারণেই নিখোঁজ হয়েছেন তার স্বামী। “আমার স্বামীকে যারাই নিয়ে যাক, সরকারের তা জানা থাকতে হবে,” বলেন তিনি। ইলিয়াসের অন্তর্ধান নিয়ে দেশের রাজনৈতিক মহলের পাশাপাশি কূটনীতিকরাও উদ্বেগ প্রকাশ করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/কেটি/এমআই/০১২১ ঘ.