২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সাক্ষাৎ ইলিয়াসের স্ত্রীর

বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। গত ১৭ এপ্রিল ইলিয়াস নিখোঁজ হওয়ার পর এনিয়ে তৃতীয়বার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করলেন তাহসিনা। খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে কার্যালয়ে যান তাহসিনা। এরপর চেয়ারপারসনের সঙ্গে কথা বলে সোয়া ১০টার দিকে চলে যান তিনি। তাহসিনা বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্তে কথা বলেছেন এবং সেখানে অন্য কেউ ছিল না। এর আগে সকালেই বনানীতে নিজের বাসায় সংবাদ সম্মেলনে তাহসিনা বলেন, “ইলিয়াস আলী যেহেতু রাজনীতি করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ আছে। অবশ্যই তিনি রাজনৈতিক কারণে নিখোঁজ হয়েছেন।” স্বামীকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহবান জানান তিনি। এর আগে গত ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর খালেদা জিয়ার সঙ্গেও কথা বলেন তাহসিনা। ইলিয়াস নিখোঁজের পর তাহসিনা ২১ এপ্রিল প্রথম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩২৫ ঘ.