২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় বেঞ্চে ফখরুলদের জামিন শুনানি দুপুরে

হরতালের দুই মামলায় বিএনপি নেতাদের জামিন আবেদনে তৃতীয় বেঞ্চের শুনানি হবে দুপুর আড়াইটায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 05:51 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দুই মামলায় বিএনপি নেতাদের জামিন আবেদনে তৃতীয় বেঞ্চের শুনানি হবে দুপুর আড়াইটায়। জামিন প্রার্থী বিএনপি নেতাদের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ রোববার সকালে শুনানির সময় নির্ধারণের আবেদন করলে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক এই সময় দেন। এ দুই মামলার আসামি বিএনপি নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ এবং এলডিপি প্রধান অলি আহমদসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা সকালেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কক্ষে অবস্থান নেন। শুনানির সময় নির্ধারণের পর তাদের অনেককে হাই কোর্ট এলাকা ত্যাগ করতে দেখা যায়। অনেকে আবার ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন আইনজীবীদের কক্ষে চলে যান। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়, বোমা বিস্ফোরণ ঘটে সচিবালয়ে। এই দুই ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা করে পুলিশ। বিএনপি নেতারা গত সপ্তাহে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে আগাম জামিনের আবেদন করলে আদালত বিভক্ত আদেশ দেয়। ফলে প্রধান বিচারপতির নির্দেশে বিষয়টি নিস্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের একক বেঞ্চে পাঠানো হয়। এদিকে পুলিশ তেজগাঁও থানার মামলায় গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফখরুলসহ ৪৫ জনের অভিযোগপত্র দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে। মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহ এই আবেদনের বিষয়ে ১৩ মে আদেশের দিন রেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১৪৫ ঘ.