ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিন আবেদেন নিয়ে আদালতের বিভক্ত আদেশের পরদিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে আইনজীবী সমিতি ভবনে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বেলা ১২টার পরপরই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে প্রবেশ করেন ফখরুল। এর কয়েক মিনিটের মধ্যে বিএনপি নেতা মির্জা আব্বাসও সেখানে পৌঁছান।
পরে তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের কক্ষে প্রায় এক ঘণ্টা রূদ্ধদ্বার বৈঠক করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা আইনগত বিষয়ে পরামর্শ করতে এসেছেন।”
পরে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, “গতকাল আদালত আমাদের জামিনের বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে। এখন আমাদের পরবর্তী কার্যক্রম কি হতে পারে- সে বিষয়ে পরামর্শ করতে এসেছি।”
“আগাম জামিনের জন্য আমি অনেকবার হাই কোর্টে এসেছি। কিন্তু সচরাচর এভাবে ঘটে না। জ্যেষ্ঠ বিচারপতি যা দেয়- সেটাই থাকে। এরপরও আমরা উভয় বিচারপতির আদেশে সন্তুষ্ট”, বলেন তিনি।
ফখরুলসহ বিএনপি ও সমমনা দলগুলোর জ্যেষ্ঠ নেতারা সোমবার হাইকোর্টে হাজির হয়ে হরতালের দুই মামলায় আগাম জামিন চাইলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ বিভক্ত আদেশ দেয়।
জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী পুলিশ প্রতিবেদন হওয়ার আগ পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন। কিন্তু বিচারপতি নজরুল ইসলাম তালুকদার আবেদনকারীদের সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জমিনের আবেদন করতে বলেন। এই সময়ের মধ্যে বিএনপি নেতাদের হয়রানি না করারও আদেশ দেয় আদালত।
আদালতের এই আদেশের আগে প্রায় এক সপ্তাহ আত্মগোপনে কাটাতে হয় ফখরুলসহ বিএনপি নেতাদের।
গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বিস্ফোরণের ঘটনায় দুটি মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে মামলা দেয় পুলিশ। তেজগাঁও থানার মামলায় ৪৪ জন, এবং শাহবাগ থানার মামলায় ২৮ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।
মামলা হওয়ার দিনই বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে পুলিশ গ্রেপ্তার করে। অন্য কয়েকজনের বাড়িতে পুলিশের অভিযান হলে তারা আত্মগোপনে যান।
তাদের আগাম জামিনের জন্য গত সপ্তাহে হাই কোর্টে আবেদন হলেও একটি বেঞ্চ তা শুনতে বিব্রত বোধ করে এবং আবেদনটি নিয়মিত কার্যতালিকায় আনার পরামর্শ দেওয়া হয়।
এই পরিস্থিতিতে বুদ্ধ পূর্ণিমার ছুটির দিন রোববার বিকালে পুলিশের চোখ এড়িয়ে প্রায় ৪০ জনের মতো নেতাকর্মী জামিন নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। তাদের রাত কাটে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবনে। এছাড়া মির্জা ফখরুলসহ চারজন হাই কোর্টে উপস্থিত হন সোমবার দুপুরে।
আদালতের আদেশের পর বিএনপি ও তাদের শরিক দলের নেতারা বের হয়ে ‘ভি’ চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সমর্থকদের কেউ কেউ ফুল দিয়েও নেতাদের অভিনন্দন জানান। এরপর প্রত্যেক নেতারা যার যার মতো করে গাড়িতে করে আদালত এলাকা ত্যাগ করেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24