লাবলু আনসার
নিউ ইয়র্ক প্রতিনিধি
নিউ ইয়র্ক, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর অন্তর্ধাণসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য জোসেফ ক্রাউলির সঙ্গে দেখা করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। তবে তাদের এই তৎপরতার সমালোচনা করেছে আওয়ামী লীগ।
যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিনিধি দলটি বুধবার কংগ্রেসের বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্রাউলির সঙ্গে দেখা করতে তার নিউ ইয়র্কের কার্যালয়ে যান।
বিএনপি নেতারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিনিধি পরিষদে একটি শুনানির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি তার সহকর্মীদের সঙ্গে এই বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। ইলিয়াস আলীকে দ্রুত উদ্ধারে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরের তিন দিন আগে বিএনপি নেতারা দেশটির কংগ্রেস সদস্যের সঙ্গেড় দেখা করেন।
ক্রাউলি আশা করছেন, হিলারির সফরে দু’দেশের মধ্যকার সম্পর্কে যুগান্তকারী উন্নয়ন ঘটবে।
প্রতিনিধি দলে আরো ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি শরাফত হোসেন বাবু সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, কোষাধ্যক্ষ জসীম ভূইয়া প্রমুখ।
বিএনপির এই তৎপরতার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, “বিএনপি দেশবিরোধী তৎপরতা চালাচ্ছে। ইলিয়াস আলী নিখোঁজ রহস্য উদঘাটনে সরকারকে সহায়তার পরিবর্তে বিএনপি এটিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করে পানি ঘোলা করতে চাচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৪৭ ঘ.
bdnews24