২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানুষ আস্থা রাখলে আবার জয়ী হব’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ তার ওপর আস্থা রাখলে ভারতের সঙ্গে সমুদ্রসীমার মামলাতেও বাংলাদেশ বিজয়ী হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ তার ওপর আস্থা রাখলে ভারতের সঙ্গে সমুদ্রসীমার মামলাতেও বাংলাদেশ বিজয়ী হবে। শনিবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্ল¬াজায় ‘সমুদ্র জয় উদযাপন জাতীয় নাগরিক কমিটি’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে মামলার রায় হবে ২০১৪ সালে। বাংলাদেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখে, আমরা অবশ্যই আবার জয়ী হয়ে আসব।” সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয় উপলক্ষে প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা দেয় নাগরিক কমিটি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, “দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য আমরা কাজ করছি। আমি আমার পিতার কন্যা। পিতার কন্যা হিসাবেই থাকতে চাই। তার কন্যা হিসাবেই নিজেকে উৎসর্গ করেছি। দেশের মানুষের কল্যাণের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত।” বিভিন্ন ক্ষেত্রে বাঙালির সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমাদের অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। কতো প্রাণ ঝরে গেছে। কিন্তু আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।” নাগরিক কমিটির চেয়ারম্যান শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে শনিবার বিকাল ৫টায় এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, রাজনৈতিক দলের নেতা, সরকারের মন্ত্রী, সাংসদসহ বিশিষ্ট নাগরিকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ছায়ানটের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। শেখ হাসিনা বিকাল ৫টায় অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর পর সম্মাননা পত্র পাঠ করেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক। প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জিল্লুর রহমান সিদ্দিকী। এরপর ছায়ানটের শিল্পীরা ‘বিজয় নিশান উড়ছে ওই’ ও ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা গেয়ে শোনান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/ রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা ‘নোঙ্গর তোল তোল’ গানটি পরিবেশনের পর শুরু হয় বিশিষ্টজনদের আলোচনা। শুরুতেই বক্তব্য দেন সমুদ্র জয় উদযাপন জাতীয় নাগরিক কসিমটির কো-চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমদ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শিল্পী কাইয়ূম চৌধুরী, জাতীয় অধ্যাপক এম আর খান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বক্তব্য দেন। বিশিষ্টজনদের পর বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “আজকের যে মুহূর্ত, তা জাতির ইতিহাসে একটি ঐতিহাসিক ক্ষণ হয়ে থাকলো।” গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়। এতে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হওয়ায় একে ‘সমুদ্রজয়’ হিসাবে উল্লেখ করে আসছে ক্ষমতাসীন দল। এ উপলক্ষ্যে গত ১৮ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয় ‘যুব সংগ্রাম পরিষদ’। ৫০১ সদস্যের সমুদ্র জয় উদযাপন জাতীয় নাগরিক কমিটিতে জিল্লুর রহমান সিদ্দিকীর ছাড়াও সাংবাদিক গোলাম সারওয়ার, আবেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আইনজীবী আনিসুল হক, ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, বিজিএমইএ-এর সাবেক সভাপতি সালাম মুর্শেদী রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/এমএমআর/এসডব্লিউ/জেকে/১৮৪০ ঘ.