ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যে বিএনপি কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে বৈঠকে আন্দোলনের বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রায় আধা ঘণ্টার বৈঠক শেষে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, একের পর এক হরতালে মানুষের ‘নাভিশ্ব্াস’ উঠেছে। বিকল্প কর্মসূচি হিসাবে বিএনপি অনশন কিংবা প্রধানমন্ত্রীর বাসার সামনে অবস্থান ধর্মঘটের কথা ভাবতে পারে।
বৈঠক চলাকালে পুলিশ কৃষক শ্রমিক জনতা লীগের কয়েকজন কর্মীকে আটক করলে গামছা বিছিয়ে রাস্তায় শুয়ে পড়েন এই সাবেক সাংসদ। কর্মীরা ছাড়া পাওয়ার পর সেখানেই জায়নামাজ বিছিয়ে নফল নামাজ আদায় করেন। সব কিছু মিলিয়ে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ঘেরাওয়ের মধ্যেই বেশ নাটকীয়তার সৃষ্টি হয়।
পুলিশের এ আচরণে ক্ষোভ প্রকাশ বর্তমান সরকারের একটি ‘অসভ্য সরকার’ হিসাবে আখ্যায়িত করেন কাদের সিদ্দিকী ।
রাস্তায় শুয়ে প্রতিবাদ, পরে শোকরানা
প্রত্যক্ষদর্শীরা জানান, এম ইলিয়াস আলীর অন্তর্ধান ও হরতালসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কাদের সিদ্দিকী সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ২০ জন নেতাকর্মী নিয়ে হরতালের মধ্যেই বিএনপি কার্যালয়ে যান। স্ত্রী ও তিনজন জ্যেষ্ঠ নেতাকে নিয়ে তিনি বিএনপি কার্যালয়ের ভেতরে ঢুকে গেলে পুলিশ এসে কৃষক শ্রমিক জনতা লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে ধরে নিয়ে যায়।
বিএনপি কার্যালয়ের তৃতীয় তলায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রায় আধা ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে এসেই দলের নির্বাচনী প্রতীক গামছা রাস্তায় বিছিয়ে সেখানে শুয়ে পড়েন মুক্তিযোদ্ধা কাদের। আটক কর্মীদের মুক্তি না দেওয়া পর্যন্ত সেথানেই অবস্থান করার ঘোষণা দেন।
পুলিশ ও নেতাকর্মীদের ঘেরাওয়ের মধ্যে প্রায় ৪০ মিনিট সেখানেই অবস্থান করেন কাদের সিদ্দিকী। এ সময়ে স্ত্রী নাসরিন সিদ্দিকী তার পাশে ছিলেন।
এর এক পর্যায়ে পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হয়ে জানান, কৃষক শ্রমিক জনতা লীগের আট কর্মীদের কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। তিনি দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদারকে পল্টন থানা গিয়ে কর্মীদের নিয়ে আসার অনুরোধ জানান।
বেলা পৌনে ১টার দিকে মুক্ত কর্মীরা ফের বিএনপি কার্যালয়ের সামনে ফিরলে কাদের সিদ্দিকী উঠে দাঁড়িয়ে অজু করেন এবং বিএনপি কার্যালয় থেকে জায়নামাজ আনিয়ে দুই রাকাত শোকরানা নামাজ আদায় করেন।
পরে নেতা-কর্মীদের নিয়ে নয়া পল্টন এলাকা ত্যাগ করেন তিনি। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে বিদায় জানান।
বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক
বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা জানান, মির্জা ফখরুলের সঙ্গে প্রায় আধা ঘণ্টার বৈঠকে ইলিয়াস আলীর ান্তর্ধান এবং হরতাল কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কাদের সিদ্দকী।
তার স্ত্রী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের মহাসচিব হাবিবুর রহমান তালুকদার, কেন্দ্রীয় নেতা ইকবাল সিদ্দিকী ও রফিকুল ইসলাম এবং বিএনপির পক্ষে রুহুল কবির রিজভীও এ সময় উপস্থিত ছিলেন।
কাদের সিদ্দিকীকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আপনি দেশের গর্ব। আমাদের কার্যালয়ে এসেছেন এজন্য আমরা গর্বিত। আপনি আমাদের অভিভাবক- মুক্তিযুদ্ধ করেছেন। সেজন্য আপনার কাছে দাবি থাকবে- গুম ও হত্যা নির্যাতন ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। এ ব্যাপারে আপনি উদ্যোগ নিন।”
হরতাল কর্মসূচি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমাদের দল হরতাল কর্মসূচি সচেতনভাবে এড়িয়ে চলতে চায়। গত তিন বছরে আমরা এ পর্যন্ত কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে ১৪ দিন হরতাল দিয়েছি। অথচ আওয়ামী লীগ একই সময়ে ৯৫ দিন হরতাল করেছিল। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হরতালের মতো কর্মসূচি এড়িয়ে চলেছি।”
বৈঠক শেষে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “১৬ কোটি মানুষের জীবনের নিরাপত্তা জন্য আমরা ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদ জানিয়ে হরতালে সমর্থন দিয়েছি। কিন্তু একের পর এক হরতালে মানুষের নাভিশ্ব্াস উঠেছে। সে কারণে বিকল্প কোনো কর্মসূচি দেওয়া যায় কি না- সে বিষয়ে পরামর্শ দিতে আমি এসেছি।”
“বিকল্প কর্মসূচি হতে পারে আমরণ অনশন বা প্রধানমন্ত্রীর বাসার সামনে অবস্থান ধর্মঘট। আমি ওইসব কর্মসূচিতে পাশে থাকব”, যোগ করেন এই সাবেক আওয়ামী লীগ নেতা।
‘অসভ্য সরকার’
পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, “দেশে এভাবে গণতন্ত্র চলতে পারে না। বর্তমান সরকার একটি অসভ্য সরকার। আমি মুক্তিযুদ্ধ করেছি, আইয়ুববিরোধী আন্দোলন করেছি, কিন্তু বর্তমান সরকারের মতো অসভ্য সরকার দেখিনি। একটি দলের কার্যালয়ে এসেছি। সেখানে আমার প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সরকারের পুলিশ বাহিনীর আচরণে আমি ক্ষুব্ধ।”
কাদের সিদ্দকী জানান, ‘বর্তমান সংকট উত্তরণে’ তিনি বিএনপি কার্যালয় থেকে আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েই এসেছিলেন। কিন্তু কর্মীদের আটকের ঘটনার পর ‘ঘৃণা ও অপমানে’ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।
সরকার পুলিশকে ‘রাজনৈতিক র্র্কমী’ হিসাবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেটি/এসআই/জেকে/১৪১০ ঘ.
bdnews24