২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের রাজপথে আওয়ামী লীগের মিছিল

হরতালে মিছিল করতে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধার মুখে পড়লেও ঢাকা নগরীতে রাজপথে সক্রিয় আছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে মিছিল করতে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধার মুখে পড়লেও ঢাকা নগরীতে রাজপথে সক্রিয় আছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। ছয় দিন পরও সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান না মেলায় সোমবার দেশজুড়ে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল করছে বিএনপি। এ হরতালের বিরুদ্ধে ঢাকা মহানগর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, ঘাট শ্রমিক লীগ, ওলামা লীগ এবং ছাত্রলীগ সকাল দশটার পর থেকে দফায় দফায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় এবং আশেপাশের রাস্তায় মিছিল করেছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ ছাড়াও ফুলবাড়িয়া এবং পল্টন এলাকায় মিছিল করে। আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয়ের সামনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম রয়েছেন। হানিফ এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, “দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই বিএনপি এই হরতাল ডেকেছে। তবে, জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে।” ইলিয়াস আলীর নিখোজ হওয়ার ঘটনাকে ‘সাজানো নাটক’ হিসাবেও আখ্যায়িত করেন হানিফ। হরতালের প্রথম দিনের মতো সোমবারও নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। ভোর ৬টায় হরতাল শুরুর কিছুক্ষণ আগে কার্যালয়ের সামনে একটি মিছিল বের করার চেষ্টা হলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রদলের মিছিল পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৩৩০ ঘ.