ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীকে উদ্ধারে র্যাব-পুলিশের অভিযানে থাকার কথা স্বীকার করেননি তার স্ত্রী তাহসীনা রুশদীর লুনা।
শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বামী এম ইলিয়াস আলীকে উদ্ধারে র্যাব-পুলিশের প্রথম অভিযান নিষ্ফল হওয়ার পর রাত ১০টায় দলপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন লুনা।
রাত ১০টায় তিনি খালেদার গুলশান কার্যালয়ে যান। সেখানে তিনি প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন। সেখান থেকে বেরুলে সাংবাদিকরা তার কাছে জানতে চান তিনি র্যাবের সঙ্গে কোথায় গিয়েছিলেন?
জবাবে তাহসীনা বলেন, “আমি কোথাও যাইনি। আমি খুব ক্লান্ত।”
এ সময় তাকে বিমর্ষ দেখাচ্ছিল। এর কিছুক্ষণ পর খালেদা জিয়া কার্যালয় ছেড়ে তার গুলশানের বাসায় চলে যান।
এর আগে ইলিয়াসকে উদ্ধারে র্যাব-পুলিশের একটি দল গাজীপুরের পূবাইলে শনিবার সন্ধ্যা থেকে তিন ঘণ্টা অভিযান চালালেও তা ব্যর্থ হয়।
তাহসীনার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছিল র্যাব।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়িতে পাওয়া একটি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি ইলিয়াস আলীর। ওই সময় গাড়িচালক আনসারকেও পাওয়া যায়নি।
এর পরদিন (বুধবার) ইলিয়াস ‘নিখোঁজ’ হয়েছেন দাবি করে তার স্ত্রী তাহসীনা স্বামীকে ফেরত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন।
বিএনপি ইতিমধ্যে তাদের নেতা ‘নিখোঁজের’ ঘটনায় সরকারকে দায়ী করলেও সরকার তা অস্বীকার করেছে।
পুলিশ শনিবার পর্যন্ত ইলিয়াস বা তার গাড়িচালকের কোনো খবর দিতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩১৫ ঘ.
bdnews24