রাজশাহী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মীকে অপহরণের অভিযোগে একই সংগঠনের ছয় কর্মীসহ মোট ৯ জনকে আটক করেছে পুলিশ।
চারঘাট থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগ কর্মী আশরাফুল ইসলামকে অপহরণ করে শুক্রবার রাতে রাজশাহী ক্যাডেট কলেজের পাশে মুক্তারপুরের পদ্মার চরে নিয়ে পেটানোর সময় তাদের আটক করা হয়।
আটক ছাত্রলীগ কর্মীরা হলেন- বঙ্গবন্ধু হল ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদ, সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক আনোয়ার ও সোহেল, ছাত্রলীগ কর্মী রাজু, মেহেদী ও মাসুদ।
এছাড়া রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র রনি রায়, ইসলামী ব্যাংক হাসপাতাল মেডিকেল কলেজের ছাত্র রিগান রায় ও মেহেদী হাসান নামে আরো তিন যুবককে আটক করা হয়েছে।
তাদের পিটুনিতে আহত আশরাফুল জানিয়েছেন, তিনি বঙ্গবন্ধু আবাসিক হলের ২২০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী।
ওসি জানান, শুক্রবার দুপুরের পর আশরাফুলকে অপহরণ করা হয়েছে বলে চারঘাট থানায় খবর আসে। এই তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পরে পদ্মার চর থেকে নয় জনকে আটক করা হয়। এ সময় তারা আশরাফুলকে পেটাচ্ছিল।
“বৃহস্পতিবার বঙ্গবন্ধু হলের ২২০ নম্বর কক্ষ থেকে একটি ল্যাপটপ চুরি হয়। শুক্রবার জুমার নামাজের পর ওই ছাত্রলীগ কর্মীরা আশরাফুলকে বেড়ানোর কথা বলে চারঘাটে নিয়ে আসে।”
ওসি জানান, পদ্মার চরে নিয়ে আশরাফুলকে পেটাতে শুরু করে ছাত্রলীগ কর্মীরা। ল্যাপটপ না দিলে মেরে পদ্মায় ভাসিয়ে দেওয়াও হুমকি দেয়।
এ ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন, তবে এখনো কিছু জানেন না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গবন্ধু আবাসিক হলের এক শিক্ষার্থী নিখোঁজের খবর তিনি বিকেলে শুনেছেন।
তবে ছাত্রলীগ কর্মীদের থানায় আটকের বিষয়টি তিনি এড়িয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩০৭ ঘ.
bdnews24