২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে আগুন, একজন জীবন্ত দগ্ধ

বিএনপির ডাকা রোববারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন রাজধানীতে আটটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা রোববারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন এক চালক। গুলিস্তান, আজিমপুর, খিলগাঁও, উত্তরার আজমপুর, পুরান ঢাকা, মিরপুর ১ নম্বর, ফার্মগেট ও বনানীতে পুড়িয়ে দেওয়া হয় আটটি বাস। খিলগাঁও থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খিদমাহ হাসপাতালের সামনের রাস্তায় ঈগল পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ সেখানে আগুন দেওয়া হলে ওই বাসের চালক বদর আলী (৪০) ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হন। চালকের সহকারী মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনা থেকে সকাল সাড়ে ১০টায় তারা ঢাকায় পৌছান। যাত্রী নামিয়ে দিয়ে খাওয়া দাওয়া সেরে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন তারা। এক পর্যায়ে শরীরে তাপ অনুভব করলে ঘুম ভেঙে মোতালেব দেখেন, পুরো বাস জ্বলছে। তিনি একটি জানালা দিয়ে বাইরে বেরিয়ে এসে প্রাণে বাঁচতে পারলেও চালক বদর আলী ভেতরেই পুড়ে মারা যান। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বেলা দেড়টা থেকে ২টার মধ্যে গুলিস্তান মোড়, আজিমপুর ইডেন কলেজের সামনে এবং খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনের রাস্তায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। এরপর আজমপুরে বিকাল ৩টার দিকে একটি এবং সাড়ে ৫টার পর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে আরেকটি বাস পোড়ানো হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আবদুল খালেক জানান, মিরপুরে সন্ধ্যা ৭টার দিকে একটি বাসে আগুন দেওয়া হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শাহজাদী সুলতানা জানান, খিলগাঁও, আজিমপুর ও আজমপুরের ঘটনায় অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আর গুলিস্তানের বাসটির আগুন আশেপাশের লোকজনই নিভিয়ে ফেলেন। এছাড়া ফকিরাপুলের কাছে আরো একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা হলেও তা আপনাআপনি নিভে যায় বলে জানান শাহজাদী সুলতানা। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, বিকালে বাহাদুর শাহ পার্কের কাছে জমজম পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার পর অগ্নি নির্বাপক কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। বাসগুলোতে কারা কীভাবে আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ বা ফায়ার ব্রিগেড। রাত সোয়া ৮টার দিকে ফার্মগেইটে ফুট ওভার ব্রিজের নিচে একটি বাসে আগুন দেওয়া হয় বলে জানান এক প্রত্যক্ষদর্শী। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে রাত ১০টায় বনানীর ১১ নম্বর সড়কে কে বা কারা একটি বাসে আগুন দেয় বলে ঘটনাস্থল থেকে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক আলোকচিত্রী। এতে কেউ হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে- এমন অভিযোগে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। ইলিয়াসকে শিগগিরই পাওয়া না গেলে লাগাতার ধর্মঘটেরও হুমকি দিয়েছে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/পিডি/২১৪০ ঘ.