২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস নিখোঁজের ঘটনা ‘নাটক’: শেখ হাসিনা

“হয়ত উনি নেত্রীর কথায় লুকিয়ে আছেন। আন্দোলনের ইস্যু তৈরি করতে উনি (খালেদা জিয়া) কী নতুন নতুন খেলা শুরু করেছেন, তা উনিই জানেন,” মন্তব্য আওয়ামী লীগ সভানেত্রীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলী নিখোঁজে বিরোধী দলের অভিযোগ সরকারের দিকে হলেও সরকারপ্রধান শেখ হাসিনা দাবি করেছেন, আন্দোলনের ইস্যু তৈরি করতে বিএনপি এই ঘটনা ‘সাজিয়েছে’। স্বরাষ্ট্রমন্ত্রীর অস্বীকৃতির মধ্যেই বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে আদালতে ইলিয়াসের স্ত্রীর রিট আবেদনের পর বিকালে এক আলোচনা সভায় এই বিষয়টি নিয়ে বিএনপির তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তাদের এক নেতা না কি হারিয়ে গেছেন। আরেক নেতা হারিছ চৌধুরী তো তত্ত্বাবধায়কের আমল থেকে হারিয়ে আছেন। তার তো খোঁজই পাওয়া যাচ্ছে না। ঠিক এরকম, তাদের দলের নেতারা নিজেরাই নিজেদের গুম করে রেখেছেন কি না ?” “হয়তো উনি (ইলিয়াস) নেত্রীর কথায় লুকিয়ে আছেন। আন্দোলনের ইস্যু পাওয়া যাচ্ছে না। সেজন্য ইস্যু তৈরি করতে উনি (খালেদা জিয়া) কী নতুন নতুন খেলা শুরু করেছেন, তা উনিই জানেন,” বলেন তিনি। গত মঙ্গলবার রাতে বনানীর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদ নিখোঁজ বলে তার পরিবার জানিয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, দুই বছর আগে বিএনপি নেতা চৌধুরী আলমের মতো ইলিয়াস আলীকেও ‘গুম’ করা হয়েছে। এজন্য সরকার র‌্যাবকে ‘ব্যবহার’ করেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইলিয়াসের সন্ধান দাবিতে বৃহস্পতিবার সিলেট বিভাগের পর রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। স্পষ্ঠত এই কর্মসূচিকে কেন্দ্র করেই যে আওয়ামী লীগ সভানেত্রীর ওই বক্তব্য। মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা আরো বলেন, “উনি সারাক্ষণ নতুন নতুন খেলায় ব্যস্ত থাকেন। এখন তিনি আবার তার দলের একজন গুম হয়ে গেছে বলছেন। জ্বালাও-পোড়াও, মারো-কাটো, এই হুকুম দিয়ে বেড়াচ্ছেন। আবার, হরতাল ডাকলেন। হত্যা, খুন, গুম- এটা তো তাদেরই তৈরি।” এর আগে, দুপুরে একই স্থানে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়ও শেখ হাসিনা বিএনপি নেতাকে ‘গুমের’ অভিযোগ নাকচ করে বলেন, ‘গুমের রাজনীতি’ বিএনপিই শুরু করেছে। “আমরা গুমের রাজনীতি করি না। তারা নিজেরা নিজেদের লোক মেরে আমাদের ওপর দোষ চাপায়।” ইলিয়াস আলীকে র‌্যাবের ‘লোকরা’ তুলে নিয়ে গেছে- খালেদার এই বক্তব্যের জবাবে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, “আপনারা তাদের ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছেন। আমরা তাদের মানবাধিকার ট্রেনিং দিচ্ছি। আপনাদের সৃষ্টি আপনাদেরই খাবে।” দুপুরের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনাটি ‘অনাকাক্সিক্ষত’। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশপ্রধানকে নির্দেশ দিয়েছেন তিনি। মুজিবনগর দিবসের আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, “হত্যা, খুন আর গুম জিয়ার আমল থেকেই শুরু।” মুদ্রাপাচার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাক্ষ্য দেওয়ার বিষয়টি তুলে ধরে খালেদার সমালোচনা করেন শেখ হাসিনা। বিএনপি নেতৃত্বাধীন নতুন ১৮ দলীয় জোট প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “উনি ১৭, না ১৮ দল করেছেন। খুনিদের নিয়ে জোট করেছেন। গুম করার অভ্যাস কার আছে, তা সকলেই জানে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাঞ্চল্যকর সাত খুন মামলার আসামি ওই সময়ের ছাত্রলীগ নেতা শফিউল আলম প্রধানের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনার এই বক্তব্য। বুধবার গঠিত ১৮ দলীয় জোটে শফিউল নেতৃত্বাধীন জাগপাও রয়েছে। বিরোধী দল রাজনীতিতে ধর্মের ব্যবহার করছে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, “এক হাতে মদের গ্লাস, আর আরেক হাতে বিসমিল্লাহ বলে দেশ চালিয়েছে (তারা)। দেশের মানুষকে বিভ্রান্ত করেছে।” মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় শেখ হাসিনা দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের চাওয়ার কথা তুলে ধরে বলেন, “গণতন্ত্রকে কেউ যাতে হত্যা করতে না পারে, সেজন্য আমরা সংবিধান সংশোধন করেছি। “দেশপ্রেম আছে বলেই স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের জন্য যা করার তা করছি। সীমান্তে অপদখলীয় এলাকা ও ছিটমহল চিহ্নিত করেছি।” আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুল লতিফ সিদ্দিকী, এইচ টি ইমাম, তৌফিক-ই-এলাহী চৌধুরী, মাহাবুব-উল-আলম হানিফ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৪১ ঘ.