২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে শপথ গণতন্ত্র পুনরুদ্ধারের: ফখরুল

দেশে গণতন্ত্র কার্যকর নয় দাবি করে তা ফিরিয়ে আনতে দেশবাসীর প্রতি আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গণতন্ত্র কার্যকর নয় দাবি করে তা ফিরিয়ে আনতে দেশবাসীর প্রতি আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলা নতুন বছরে শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই আহ্বান জানান। নববর্ষ উপলক্ষে বিএনপির সহযোগী এই সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে, যাতে বিএনপির অনেক নেতাই অংশ নেন। ফখরুল বলেন, “আজ আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন। সব আবর্জনা, গ্লানি ও হতাশা পেছনে ফেলে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ আমাদের নিতে হবে।” সভার প্রধান অতিথি বিএনপির মুখপাত্র দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ফখরুল বলেন, “বিগত তিন বছরে গণতন্ত্র অবরুদ্ধ অবস্থা রয়েছে, দুর্নীতি ভয়াবহ রূপ ধারণ করেছে। অর্থনীতি সঙ্কটের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।” “নতুন বছরে আমাদের প্রত্যাশা থাকবে, একটি সুখী ও সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার। মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানসহ বীর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার,” বলেন তিনি। দেশীয় সংস্কৃতি ও স্বকীয় ঐহিত্য লালন ও চর্চায় জাসাসের দায়িত্বের কথা মনে করিয়ে বিএনপি নেতা বলেন, “আমাদের সংস্কৃতিকে বিলীন হতে দেওয়া যাবে না। একে ধরে রাখতে হলে জাসাস নেতা-কর্মীদের গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়তে হবে।” জাসাস সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সাধারণ সম্পাদক মনির হোসেন, সহসভাপতি বাবুল আহমেদ, ছড়াকার আবু ছালেহ প্রমুখ। আলোচনা সভার পর জাসাস শিল্পীরা দেশাত্মবোধ, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, পল্লীগীতি এবং লালনের গান গেয়ে শোনান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১০০ ঘ.