২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রলীগের নেতার নেতৃত্বে রেস্তোরাঁয় হামলা

সভাপতি জসিমউদ্দিনের নেতৃত্বে বরিশাল মহানগর ছাত্রলীগের এক দল কর্মী একটি রেস্তোরাঁয় ভাংচুর চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 06:37 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

বরিশাল, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভাপতি জসিমউদ্দিনের নেতৃত্বে বরিশাল মহানগর ছাত্রলীগের এক দল কর্মী একটি রেস্তোরাঁয় ভাংচুর চালিয়েছে। ভাংচুরের সময় ক্যাশবাক্স থেকে অর্থ লুটপাটের পাশাপাশি ক্যাশিয়ারকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগও এসেছে। তবে ক্ষমতাসীন দল সমর্থিত সংগঠনের ওই নেতা জসিমউদ্দিন বলেছেন, ঘটনাটি ছিল ‘ভুল’ বোঝাবুঝি এবং তা মিটমাট করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর গীর্জামহল্লা রোডের হোটেল ওয়াজেদিয়ায়। ক্যাশিয়ার মিজানুর রহমানকে (৪০) শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাকেরগঞ্জ উপজেলার চরবালি গ্রামের অদুদ মোল্লার ছেলে। মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দোকান বন্ধ করে ঝাড় দেওয়ার সময় ছাত্রলীগের ১০/১২ জন নেতা-কর্মী ঢোকেন। দোকান বন্ধ হয়ে গেছে বলে তাদের জানালে তারা হোটলকর্মীদের ওপর চড়াও হন। তিনি বলেন, “হোটেল বন্ধ হয়ে গেছে জানালে তর্ক-বির্তক হয়। এরপর জসিমসহ সবাই আমাকে কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আমার ডান হাতে আঘাত করা হয়।” ক্যাশবাক্স থেকে ১ লাখ ২৫ হাজার টাকা লুট হয়েছে বলেও দাবি করেন মিজান। তিনি বলেন, হামলাকারীরা ছাত্রলীগ নেতাকর্মী বলে স্থানীয় কেউ এগিয়ে আসেনি। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে। এই ঘটনায় মামলা করা হবে বলেও জানান মিজান। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর শাখার ছাত্রলীগ নেতারা হামলা চালিয়েছে বলে আহত মিজান জানিয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তা সমাধান করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৩৫ ঘ.