২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ভঙ্গ করায় নোটিস ফিরোজকে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন। ডিসিসি দক্ষিণের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পার্টির এক কর্মসূচিতে কাজী ফিরোজ রশিদকে সম্ভাব্য প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে ভোট চেয়েছেন দলটির প্রধান। কাজী ফিরোজও প্রার্থী হওয়ার ইচ্ছা জানিয়েছেন। “এটা আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ উত্তর না পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” শুক্রবার দুপুরে বিশেষ বাহকের মাধ্যমে কাজী ফিরোজকে নোটিস পৌঁছে দেওয়া হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান। বৃহস্পতিবার গেণ্ডারিয়ায় এক জনসভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে কাজী ফিরোজ রশিদকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে ডিসিসি উত্তর ও দক্ষিণে ভোট গ্রহণ হবে। এর আগে ১৯ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকার দুই অংশে মোট ১৫ জন মেয়র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে কাজী ফিরোজ এখনো ফরম নেননি। নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ হলে তবেই প্রার্থীরা প্রচার শুরু করতে পরেন। সে অনুযায়ী ডিসিসি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করা যাবে ২ মের পর। এর আগেই দলের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়ায় নির্বাচন কমিশন কাজী ফিরোজকে এই নোটিস দিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিইএইচ/জেকে/১৫০৭ ঘ.