ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুরস্ক সফরের দ্বিতীয় দিনে দেশটির সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে তিনটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বৃহস্পতিবার শেখ হাসিনা ও তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এরদোয়ানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় বলে রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা বাসস জানিয়েছে।
একটি চুক্তি হয়েছে বিনিয়োগ বৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। দ্বিতীয় চুক্তিটি হয় কূটনীতিক ও বিশেষ পাসপোর্টধারীদের ভিসার ব্যবস্থা বিলুপ্ত সংক্রান্ত বিষয়ে। তৃতীয় চুক্তিটি হয় শুল্ক সহযোগিতা সংক্রান্ত বিষয়ে।
কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত বিষয়ে একটি এবং সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও শিক্ষা বিনিময় কর্মসূচি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক দুটি সই হয় বলে বাসস জানিয়েছে।
এছাড়া একটি আগ্রহপত্র ও একটি প্রটোকলই সই হয়েছে।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল, প্রধানমন্ত্রী তাইপ এরদোয়ান এবং স্পিকার চেমিল চিকের সঙ্গে বৈঠক করেন। এছাড়া আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের সমাধিসৌধে শ্রদ্ধা জানান তিনি।
আব্দুল্লাহ গুলের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা গণতন্ত্র শক্তিশালী করা এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণ নিরুৎসাহিত করতে তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
শেখ হাসিনা বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ ধরনের কর্মকাণ্ডকে অবৈধ এবং শাস্তিযোগ্য করে আমরাও আমাদের সংবিধান সংশোধন করেছি।”
শেখ হাসিনা ঢাকা-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালু করার জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে আরো বিনিয়োগ করার আহ্বান জানান।
তুরস্কে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি প্রায় ২০ ভাগ কমে যাওয়ার তথ্য জানিয়ে এই পণ্যের ওপর শুল্ক কমাতে প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলকে অনুরোধ জানান।
তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, তার দেশের বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী।
তুরস্কের সংবাদপত্র ‘জামান’ জানায়, তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্য আরো বাড়ানোর ওপর জোর দেন শেখ হাসিনা।
বর্তমানে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ গত দুই বছরে প্রায় দ্বিগুণ হয়ে ১০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। শেখ হাসিনা তা আরো বাড়াতে তুরস্কের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
তুরস্কের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, সিলেটের মেয়র বদরুদ্দীন আহমেদ কামরান, অ্যম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ জামান ও কৃষি সচিব মঞ্জুর হোসেন।
তিন দিনের সফরে বুধবার তুরস্কে পৌঁছান শেখ হাসিনা। তার এই সফরে তুরস্কের সঙ্গে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
সফর শেষে শুক্রবার রাতে ঢাকার উদ্দেশে আংকারা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০০৪০ ঘ.
bdnews24