২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর মামলার কার্যক্রম মুলতবির আবেদন খারিজ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার কার্যক্রম মুলতবির আবেদন খারিজ করেছে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 06:02 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার কার্যক্রম মুলতবির আবেদন খারিজ করেছে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের জবাবে অন্য এক আদেশে ট্রাইব্যুনাল বলেছে, সাঈদীর অপরাধের সংঘটনস্থল পিরোজপুর সদর থানা বলা হয়েছে। কিন্তু সেখানে নতুন দুটি থানা হওয়ায় অপরাধ সংগঠনস্থল হিসেবে নথিতে ইন্দুকানি ও জিয়ানগর থানা দুটির যে কোনোটি দেখানো যাবে। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেন, ঘটনাস্থল এখনো একই রয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়ার দরকার ছিল না, তারপরও দেওয়া হলো। মামলা স্থগিতের আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, তদন্ত কর্মকর্তাকে দেওয়া ১৫ জন সাক্ষীর জবানবন্দি প্রমাণ হিসেবে নেওয়ার আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তারা একটি আবেদন করবেন। আগামী রোববার আদালতে তদন্ত কর্মকর্তার জেরা হওয়ার কথা। আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, ১৫ জন সাক্ষীর জবানবন্দি নিয়ে আদালত তার আগের সিদ্ধান্ত প্রত্যাহার করলে তদন্ত কর্মকর্তাকে জেরা এক রকম হবে। আর আদালত তা না করলে জেরা আরেক রকম হবে। ওই আদেশের কোনো অনুলিপি তিনি পাননি জানিয়ে আসামিপক্ষের এ আইনজীবী বলেন, সেটি পাওয়ার পর যতো তাড়াতাড়ি সম্ভব আদেশ পুনর্বিবেচনার আবেদন করা হবে। এ প্রেক্ষিতে ওই সময় পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখার আবদেন জানান তিনি। মিজানুল বলেন, ‘অযৌক্তিক’ বিলম্ব ছাড়া আদালতে সাক্ষী হাজির করা যাবে না বলে প্রসিকিউশন যে দাবি করছে তার মাধ্যমে তারা আদালতকে বিভ্রান্ত করছে। ১৫ সাক্ষীর জবানবন্দি নিতে ট্রাইব্যুনালের প্রতি আবেদন জানিয়ে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী আদালতকে এর আগে বলেছিলেন, সাক্ষীদের মধ্যে কেউ নিখোঁজ হয়েছেন, কেউ ভারতে চলে গেছেন এবং উপরন্তু একদল সশস্ত্র দুর্বৃত্ত ওই এলাকায় ঘোরাঘুরি করছে এবং জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সাঈদীর বিরুদ্ধে যাতে সাক্ষী না দেয় সেজন্য হুমকি দিচ্ছে। তিনি বলেন, একজন সাক্ষী খুব বেশি অসুস্থ এবং তার চেতনা লোপ পেয়েছে। এরপর গত ২৯ মার্চ ট্রাইব্যুনাল এক আদেশে ওই ১৫ সাক্ষীর জবানবন্দি প্রমাণ হিসেবে গ্রহণের সিদ্ধান্ত জানায়। অবশ্য অন্য ৩১ জন সাক্ষীর ক্ষেত্রে সে সিদ্ধান্ত দেয়নি আদালত। ওই আদেশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এর ১৯ এর ২ ধারা অনুযায়ী জবানবন্দিগুলো ট্রাইব্যুনাল গ্রহণ করলেও সেগুলোর কতোটুকু আমলে নেওয়া হবে তা পরবর্তীতে ঠিক করা হবে। আসামিপক্ষের জেরা ছাড়াই ওই জবানবন্দিগুলো নেওয়া হয়েছে- জবানবন্দিগুলো আমলে নেওয়ার ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনা করা হবে বলেও ওই আদেশে বলা হয়। প্রসিকিউশনের প্রতারণা নিয়ে মিজানুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল সদস্য বিচারপতি এ কে এম জহির আহমেদ বলেন, “তদন্ত কর্মকর্তাকে জেরার মাধ্যমে আপনি যদি আপনার অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেন তাহলে আদালত অবশ্যই পদক্ষেপ নেবে।” তিনি বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ হলে তাতে আসামিপক্ষ ১৫ সাক্ষীর জবানবন্দি প্রত্যাহারের যে দাবি করেছে তার ওপর ফলাফলের খুব বেশি প্রভাব পড়বে না। ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি নিজামুল হক তার আদেশে বলেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনের জন্য মামলার কার্যক্রম মুলতবি না করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল। তিনি বলেন, ট্রাইব্যুনাল মনে করছে না যে, নির্ধারিত সাক্ষ্যগ্রহণ মুলতবি করা উচিত এবং সে কারণে আবেদনটি খারিজ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/০০০৩ ঘ.