ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর দাবি সত্যি হয়ে থাকলে প্রতিদিন ‘এতো’ লোডশেডিংয়ের কারণ জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, সরকারের দুর্নীতির কারণেই দেশের বিদ্যুৎ সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, “সরকার দুর্নীতিতে ডুবে গেছে। বিনা টেন্ডারে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের নামে হাজার হাজার কোটি টাকা সরকারের লোকজন লুট নিচ্ছে। ‘দুর্নীতি’ নামক জটিল ব্যধিতে বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে না, বরং প্রকট আকার ধারণ করেছে।”
তিনি প্রশ্ন রাখেন- “এই মৌসুমে বিদ্যুতের লোডশেডিং বেড়েই চলেছে। অথচ প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। তিনি দাবি করছেন- জাতীয় গ্রিডে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছেন। তাই যদি হয়, কোন বার বার বিদ্যুৎ আসে-যায়?”
বিদ্যুতের দাম বৃদ্ধি ও লোডশেডিংয় কমানোর দাবিতেই জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে বিএনপি সমর্থিত স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া ব্রিগেড।
সরকারের সমালোচনা করে রফিকুল ইসলাম মিয়া বলেন, “তারা দেশকে এক চরম সংকটের দিকে নিয়ে গেছে। দুর্নীতির মাধ্যমে অর্থ লুণ্ঠন ছাড়া এই সরকারের আর কোনো ‘সফলতা’ নেই।”
পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের প্রসঙ্গ টেনে এই বিএনপি নেতা বলেন, “এ সরকারের আমলে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে পদ্মাসেতু প্রকল্পে। নির্মাণ কাজ শুরুর আগেই তারা দুর্নীতি করেছে, যার প্রমাণ বিশ্ব ব্যাংক পেয়েছে।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন রফিকুল।
তিনি বলেন, “এখনো সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের সরকার গ্রেপ্তার করতে পারেনি। পারেনি সৌদি আরব দূতাবাসের কর্মকর্তার খুনীদের ধরতে। প্রতিনিয়ত হত্যা-গুম-খুন হচ্ছে, কোনো প্রতিকার নেই।’’
বর্তমান সরকারের বিরুদ্ধে ‘দুর্বার আন্দোলন’ গড়ে তোলার আহবান জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘নির্যাতন ও মিথ্যা মামলা’ দিয়ে বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আন্দোলনেই এ সরকারের পতন হবে।
জিয়া ব্রিগেডের সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে অন্যদের মধ্যে যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা মো. হানিফ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রফিক শিকদার মানববন্ধনে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫০১ ঘ.
bdnews24