ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্ম মৌসুমের শুরুতে বিদ্যুৎ ও পানি সঙ্কট সরকারের ‘ব্যর্থতার’ নজির বলে দাবি করেছে বিএনপি।
এর পাশাপাশি গ্যাস সঙ্কটের অবসান দাবিও করেছে প্রধান বিরোধী দল। জনজীবনের এই সঙ্কট অবসান না করতে পারলে সরকারকে পদত্যাগ করতে আহ্বান জানিয়েছে তারা।
বিদ্যুৎ-পানি-গ্যাস সঙ্কট অবসানের দাবিতে বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল। খালি কলসী, হারিকেন হাতে নিয়ে নয়া পল্টন থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মিছিলে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মীরা।
মিছিলের আগে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিদ্যুৎ-গ্যাস-পানির অভাবে সর্বত্র আজ হাহকার। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেদিকে সরকারের নজর নেই।
“আমরা সরকারকে বলব, বিদ্যুৎ-গ্যাস-পানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে পদত্যাগ করুন।”
বিদ্যুৎ-গ্যাস-পানির দাবিতে আগামী ১১ এপ্রিল ঢাকাসহ জেলায় জেলায় চার দলের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করার আহবানও জানান তিনি।
ফখরুল বলেন, “সরকার সমুদ্র বিজয় করে এসেছেন। তা নিয়ে তারা এখন ভীষণ ব্যস্ত। আমরা নাগরিকরা বলতে চাই, সমুদ্রের পানিতে আমাদের পেট ভরবে না। পানি-গ্যাস সরবারহ নিশ্চিত করুন।”
বিদ্যুতের সমস্যার জন্য সরকারের ‘দুর্নীতিকে’ দায়ী করেন বিএনপি নেতা। বিদ্যুতের অভাবে গ্রামে কৃষিজমিতে সেচ ব্যাহত হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হয়েছে দাবি করে ফখরুল বলেন, “মানুষ বাজারে পণ্যমূল্যের আগুনে হিমশিম খাচ্ছে, সংসার চালাতে পারছে না। ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের মায়েরা তার ছেলে-মেয়েদের ন্যূনতম পুষ্টি দিতে পারছেন না।”
গ্যাস, বিদ্যুৎ ও পানি সঙ্কটের প্রতিবাদে নারায়ণগঞ্জেও সমাবেশ করেছে বিএনপি। বিকালে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার বলেন, “সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাই এই ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।”
‘বিদ্যুৎ নিয়ে সরকার বিভ্রান্ত করছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, বিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকার জনগণকে ‘মিথ্যা’ তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।
জাতীয় গ্রিডে বর্তমান সরকারের তিন বছরে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তাহলে এত লোডশেডিং কেন? আসলে বিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকার লুকোচুরি করছে।”
জিয়া পরিষদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্বাধীনতার ঘোষণা’ শিরোনামের এ আলোচনা সভায় বুধবারের বিদ্যুৎ উৎপাদনের হিসাবও তুলে ধরেন বিএনপির এ নেতা।
“বুধবার মোট উৎপাদন হয়েছে ৪ হাজার মেগাওয়াট। বিতরণ হয়েছে ৩ হাজার ৭৫৯ মেগাওয়াট। আর লোডশেডিং হয়েছে ৩ হাজার মেগাওয়াট।”
“এত কিছুর পরও গ্রামে ১৭/১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। রাজধানীতে ৭/৮ ঘণ্টা লোডশেডিং করানো হচ্ছে,” যোগ করেন মোশাররফ।
সরকারি ৩৯টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে আছে বলেও অভিযোগ করেন সাবেক জ্বালানিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এমআই/১৯২৫ ঘ.
bdnews24