ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বাদশ অধিবেশনের শেষ দিনে বিরোধী দলীয় নেতা সম্পর্কে স্পিকার আবদুল হামিদের দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “সমাপনী দিনে স্পিকার বিরোধী দলীয় নেতাকে নিয়ে যেভাবে কথা বলেছেন, তা দম্ভোক্তি ছাড়া আর কিছুই নয়। আমরা এতে ব্যথিত হয়েছি। বিরোধী দলীয় নেতা সম্পর্কে স্পিকারের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে আমরা মনে করি।”
“স্পিকার দেশে নেই। তাই বেশি কিছু বলব না। বিরোধী দলীয় নেতাকে নিয়ে বক্তব্য প্রদান করে তিনি (স্পিকার) শরীফ বদমাইশের মতো আচরণ করেছেন।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব সংসদে তোলার বিষয়ে বিএনপির দাবির প্রতি ইঙ্গিত করে বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে স্পিকার আবদুল হামিদ বলেন, “তিনি (খালেদা জিয়া) কোনটা মানেন? উনার বলা উচিত ছিল- তত্ত্বাবধায়ক তারা কোনভাবে চান, কোন রূপরেখায় চান?”
এ বিষয়ে ফারুকের প্রশ্ন- বিরোধী দলীয় নেতা কি বলবেন, কি বলবেন না- সে উপদেশ স্পিকার কেন দেবেন?
“খালেদা জিয়া দেশের তিন বারের প্রধানমন্ত্রী। আমাদের নেত্রী স্পিকারের থেকে উপদেশ নিয়ে রাজনীতি করেন না।”
স্পিকারের ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ না দিলে বিরোধী দল সংসদে ফিরে যাবে না বলে জানান ফারুক।
জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় তিনি বলেন, “আমরা সব সময় বলে আসছি, দলীয় পোশাক পরিধান করে নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করা যায় না। স্পিকার সাহেব যে নিরপেক্ষ নন, তিনি নিজেই কথা বলে তার প্রমাণ রেখেছেন।”
৭৭ কার্যদিবস পর গত ১৮ মার্চ সংসদে ফিরলেও গত বৃহস্পতিবার থেকেই আবার সংসদ বর্জনের ঘোষণা দেয় প্রধান বিরোধী দল বিএনপি।
বিরোধী দলীয় চিফ হুইপ গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আইএসআইয়ের কাছ থেকে অর্থ ‘নেওয়া’ সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ না দিলে বিএনপি সংসদে যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬৫২ ঘ.
bdnews24