২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে টুকুর ধন্যবাদ

হরতাল প্রত্যাহার করায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল প্রত্যাহার করায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। মঙ্গলবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, “হরতাল প্রত্যাহার করায় বিরোধীদলীয় নেত্রীকে আপাতত ধন্যবাদ।” পাশাপাশি যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন থেকে দূরে এসে খালেদা জিয়ার প্রতি গণতান্ত্রিক কর্মসূচি দেওয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী টুকু। র‌্যাব সদর দপ্তরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ পূণ্যস্নান উৎসবের কারণে রোববার রাতে ২৯ মার্চের হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় বিএনপি। হরতালের পরিবর্তে দলটি ২৯ মার্চ জেলায় জেলায় এবং ৩১ মার্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি দিয়েছে। ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার পথে বিরোধীদলীয় নেতাকে পুলিশ বাধা দিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহার খাতুন বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের মেধা ও দক্ষতা দিয়ে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিরোধীদলীয় নেত্রীকে বাধার অভিযোগও নাকচ করেন তিনি। অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমানসহ র‌্যাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭১৮ ঘ.