২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণ চায়’ তাই হাজী সেলিম নির্বাচনী মাঠে

দলের কোনো ইঙ্গিত না পেলেও জনগণ ‘চায়’ বলেই মেয়র হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের এই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 06:08 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হতে ইচ্ছুক হাজী মো. সেলিম নির্বাচনী প্রচার শুরু করেছেন। রোববার সকালে নবাবপুর রোড, কাপ্তান বাজার এলাকায় জনসংযোগ করেছেন আওয়ামী লীগের এই নেতা। নির্বাচনের তফসিল ঘোষণা এখনো না হলেও বেশ কিছুদিন ধরেই বিভিন্ন স্থানে হাজী সেলিমসহ সম্ভাব্য অন্য প্রার্থীদের পোস্টার দেখা যাচ্ছে, যা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। নির্বাচনে দলের সমর্থন পাচ্ছেন কি না- জানতে চাওয়া হলে হাজী সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের কোনো ইঙ্গিত এখনো পাইনি, তবে জনগণ চায় বলে নির্বাচনের মাঠে নেমেছি।” ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের পাশাপাশি ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনের প্রচারও দেখা যাচ্ছে। এছাড়া আওলাদ হোসেনও এই সিটি কর্পোরেশনের মেয়র পদে ক্ষমতাসীন দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। দল সমর্থন না করলে কী করবেন- জানতে চাওয়া হলে হাজী সেলিমের উত্তর, “এখন এ নিয়ে ভাবছি না। এখন জনগণের কাছে যাচ্ছি, তাদের দোয়া চাচ্ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২০০ ঘ.