২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালে বৈঠক বিএনপির সংসদীয় দলের

টানা ৮৩ কর্মদিবস অধিবেশনে অনুপস্থিত থাকার পর বিএনপি সংসদে ফেরার সিদ্ধান্ত নিচ্ছে বলে দলীয় নেতাদের ইঙ্গিত। সর্বশেষ গত বছরের ২৪ মার্চ সংসদে যায় বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 04:17 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ‘যাওয়ার’ সিদ্ধান্ত নিতে বিকালে বৈঠকে বসছে বিএনপির সংসদীয় দল। টানা ৮৩ কর্মদিবস অধিবেশনে অনুপস্থিত থাকার পর বিএনপি সংসদে ফিরতে চলছে বলে দলীয় নেতাদের ইঙ্গিত। সর্বশেষ গত বছরের ২৪ মার্চ সংসদে যায় বিএনপি। রোববার বিকালে সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বৈঠকে বিএনপির সব সংসদ সদস্যের পাশাপাশি জোট শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সংসদ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক জানিয়েছেন। তিনি রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার সভা কক্ষে এই বৈঠক হবে। এতে বিরোধীদলীয় নেতা সভাপতিত্ব করবেন।” আইন অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে একজন সংসদ সদস্যের সদস্য পদ শূন্য হয়ে যায়। সংসদ সদস্য পদ টিকিয়ে রাখতে হলে তাই আর সাত কার্যদিবসের মধ্যে বিরোধী দলকে অধিবেশনে ফিরতে হবে। বিএনপি সংসদে ফিরতে যাচ্ছে- এই খবরের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘বেতন-ভাতার সুবিধা’ রাখতেই বিরোধী দল সংসদে ফিরতে যাচ্ছে। তিনি সংসদ কার্যকর রাখতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেছেন। তবে বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক বলেন, জনগণের সমস্যা নিয়ে কথা বলতেই তারা সংসদে ফিরতে চান। স্পিকার আবদুল হামিদ নিরপেক্ষ নন- দাবি করে তিনি বলেন, “স্পিকারকে বলব, সংসদে বিরোধী দলকে কথা বলতে দিন। সংসদের পরিবেশ যাতে বিনষ্ট না হয়, সেই ব্যবস্থা নিন।” বিরোধী দলের সদস্যদের কথা বলতে না দিলে আমরা সংসদে থাকব না,” এটাও বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১০৭ ঘ.