ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার শুরু হবে।
দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এই দিন ঠিক করে দেয়।
কাদের মোল্লার আইনজীবীরা আদালতকে বলেন, প্রসিকিউশনের সরবরাহ করা মামলার নথিপত্রে বেশ কিছু অংশ অস্পষ্ট হওয়ায় তারা পড়ে শেষ করতে পারেননি।
তাদের বক্তব্য শোনার পর আদালত আদেশে বলে, বুধবার অভিযোগ গঠনের শুনানি শুরু করে প্রসিকিউশনের বক্তব্য শোনা হবে। আসামি পক্ষ কবে তাদের বক্তব্য উপস্থাপন করবে তা পরে জানানো হবে।
আইনজীবীরা কাদের মোল্লার সঙ্গে একান্তে কথা বলার অনুমতি চাইলে ট্রাইব্যুনাল আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে কারাগারে তার সঙ্গে কথা বলার অনুমতি দেন।
মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়।
এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
কাদের মোল¬ার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
তার বিরুদ্ধে প্রসিকিউশনের প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারীরা তাকে সহায়তা করে।
মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৭৩০ ঘ.
bdnews24