ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনকণ্ঠের এক জ্যেষ্ঠ প্রতিবেদককে দেলাওয়ার হোসাইন সাঈদী সংশ্লিষ্ট দুটি প্রতিবেদনের সংশোধনী প্রকাশ করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল রোববার জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক বিকাশ দত্তকে এ নির্দেশ দেয়।
জামায়াতে ইসলামির নায়েবে আমির সাঈদীর আইনজীবীরা গত ২৩ ফেব্রুয়ারি এ দৈনিকে প্রকাশিত দুটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তা সঠিক নয় দাবি করে জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন।
সেদিন ট্রাইব্যুনালে এ দৈনিকের প্রতিবেদক উপস্থিত না থাকায় বিষয়টির শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক।
রোববার তিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক থাকতে বলেন।
সাঈদীর বিরুদ্ধে সর্বশেষ সাক্ষ্যদানকারী নড়াইল জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফ হাফিজুর রহমানের গত ২০ ফেব্র“য়ারির জবানবন্দি নিয়ে ‘সাঈদীর সামনে পাক সেনারা আমার ভাইকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জনকণ্ঠ।
এর আগে প্রকাশিত আরেক সাক্ষীর সাক্ষ্যভিত্তিক প্রতিবেদনে মধূসুদন ঘড়ামি নামের এক ব্যক্তির নববিবাহিত স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয় সাঈদীর বিরুদ্ধে।
আবেদনের সঙ্গে সাঈদীর আইনজীবী তাজুল ইসলামের সংযুক্ত করে দেওয়া বিকাশ দত্তের প্রথম প্রতিবেদন পর্যালোচনা করে বিচারপতি নিজামুল একে ‘খুবই অবমাননাকর’ মন্তব্য করে তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমকে সতর্ক করেন।
এ সময় বিকাশ দত্তকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এই যে আপনারা রিপোর্ট-টিপোর্ট করেন- আমি শুধু আপনাকেই বলছি না সবাইকেই বলছি- ট্রাইব্যুনালের ব্যাপারে একটু সাবধানে রিপোর্ট করবেন।”
“আমি সেদিন বলেছিলাম, আমরা চামড়া মোটা করে ফেলেছি। আপনাদের দোয়ায় আমাদের অনেক কাগজ পড়ার সুযোগ হয়।”
“অনেক প্রতিবেদনেই প্রকৃত ঘটনার প্রতিফলন ঘটে না।”
“কোনো উদাহরণ টানতে চাই না। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি এখানে যা বলা হচ্ছে তা পুরোপুরি আসছে না।”
“সাংবাদিক ভাইয়েরা দয়া করে ভবিষ্যতে সাবধান থাকবেন” আশা প্রকাশ করে চেয়ারম্যান বলেন, “আমি আশা করবো এটাই শেষবারের মতো আমাকে এ কথা বলতে হচ্ছে।”
“কোনো একজনের পক্ষে গেলে দেবেন, আর না গেলে দেবেন না তা তো হয় না।”
“মানুষের ভুল তো হতেই পারে। কিন্তু আপনাদের দোয়ায় রিপোর্ট পড়লেই বুঝি কোনটা কী।”
ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, প্রসিকিউশন, ডিফেন্স বা অভিযুক্তরা যাতে অপবাদের মুখে না পড়ে তা নিশ্চিত করতেই বিচারকরা আছেন এবং “এটা দেখাই আমাদের দায়িত্ব।”
প্রতিবেদকের কাছে এ সংবাদ প্রকাশের কারণ জানতে চাওয়ার জন্য ট্রাইব্যুনালকে অনুরোধ করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।
ট্রাইব্যুনাল তাতে আপত্তি জানালে ওই আইনজীবী বলেন, “কিন্তু এই ধরনের রিপোর্ট তো আমাকে পাবলিকের সামনে একদম খুন করে ফেলেছে।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রথম ব্যক্তি হিসাবে গত ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে ২০টি অপরাধে অভিযোগ গঠন করে। বর্তমানে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ চলছে।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনত।
সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া।
যুদ্ধাপরাধের মামলায় এই পর্যন্ত দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/২০১০ ঘ.
bdnews24