ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের উদ্দেশ্যে রোববার বিকালে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া।
বিকাল সাড়ে ৪টায় গুলশানের বাসা থেকে বিরোধীদলীয় নেতার গাড়িবহর ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়। সোমবার দুপুরে তিনি লালমনিরহাটে বিএনপির এক জনসভায় বক্তব্য দেবেন।
খালেদা রোববার বগুড়া সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনি বলেন, “সোমবার সকালে সড়কপথে বগুড়া থেকে লালমনিরহাট রওনা হবেন। সেখানে দুপুরে জেলা কালেক্টরেট মাঠে স্থানীয় বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ম্যাডাম।”
বগুড়া যাওয়ার পথে সন্ধ্যায় টাঙ্গাইলে যমুনা রিসোর্টে কিছুক্ষণ যাত্রা বিরতি করবেন বলে জানান প্রেস সচিব।
লালমনিরহাটে জনসভা শেষ করে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন খালেদা।
জনসভায় রংপুর অঞ্চলের মানুষের কাছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে ধরবেন খালেদা।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে খালেদা জিয়া সারাদেশে জনমত গড়ে তুলতে গত বছরের ১০-১১ অক্টোবর সিলেট, ১৮-১৯ অক্টোবর রাজশাহী, ২৬-২৭ নভেম্বর খুলনা এবং ৮-৯ ডিসেম্বর চট্টগ্রামে রোড মার্চ করেন। বরিশাল ও রংপুর বিভাগে কোনো রোড মার্চ হয়নি।
গত ১৮ অক্টোবর সর্বশেষ খালেদা জিয়া চাঁপাই নবাবগঞ্জ অভিমুখে রোড মার্চের সময় বগুড়া যান।
বগুড়া খালেদা জিয়ার প্রয়াত স্বামী ও বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান। জিয়া বিএনপিরও প্রতিষ্ঠাতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭১৬ ঘ.
bdnews24