ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনব্যাপী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার নয়া দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীসহ আট সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দুই দিনের এ বৈঠক শুরু হচ্ছে শুক্রবার।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রসচিব সিকিউএম মুশতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ ও মোহাম্মদ শফিকুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাশফি বিনতে শামস ও বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক কর্নেল মোহাম্মদ ইকবাল আখতার মিয়া।
ভারত ও বাংলাদেশের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এটি দ্বিতীয় বৈঠক বলে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে স্থলসীমা, সীমান্ত ব্যবস্থাপনা এবং দুই দেশের আইন প্রয়োগকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গত জুলাইয়ে ঢাকা সফর করেন।
দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বাৎসরিক বৈঠক হবে বলে গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২২৩৬ ঘ.
bdnews24